কলকাতা: বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর তার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রক পেয়েছেন দিলীপ ঘোষ। এখনও পর্যন্ত দফতর ঘোষণা না করা হলেও তাঁকে খুব সম্ভবত উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। খড়গপুর সদর থেকে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এরপর থেকেই তিনি যে মন্ত্রক পাচ্ছেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন সবাই। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই দিলীপ ঘোষ বলেন, ‘যাঁরা এই সরকারকে বানিয়েছে, এই উচ্ছ্বাস তাঁদেরই। আমি কল্পনা করেছিলাম যে এমন একটা সরকার আসবে। এসে গিয়েছে, এটা সাধারণ মানুষের আশীর্বাদ। রাজ্য সভাপতি হিসেবে ৭৭ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম দলকে। এখন সরকারে আমরা। ভগবানের আশীর্বাদ, সাধারণ মানুষের আশীর্বাদ। এখনও কিছু পরিকল্পনা করিনি। ধীরে ধীরে পরিকল্পনা করব।’
এদিকে, ছেলের সাফল্যে খুশি দিলীপ ঘোষের মা। ছেলের শপথ অনুষ্ঠান টিভিতেই দেখেছেন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি টিভিতে দেখেছি। ফোনে সকালে কথা হয়েছিল। আমাকে বলেছিল যে শপথ নিতে যাচ্ছে। রাজ্যবাসী যা চাইবে, আমিও তাই চাইব। ছেলে কাজ করবে, এই বিষয়ে আমি আশাবাদী। সবাই ডানপিটে ছেলে বললেও, আমি মনে করি আমার ছেলে ডানপিটে নয়। কারও কখনও খারাপ চায়নি। কারও পেছনে কখনও লাগেনি। ও অন্যরকম ছেলে। ভাবতাম যে ছেলে একদিন মন্ত্রী হবে। আজ সেই দিন। ও মন্ত্রী হয়ে গেল।’