Last Updated:
Birbhum News: বক্রেশ্বর ব্রিজের সংস্কার কাজের জন্য তৈরি বিকল্প কজওয়েতে আজ সকালে দু’টি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা বাস দু’টির ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী এবং দুই চালক।
সদাইপুর, বীরভূম: রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত বক্রেশ্বর ব্রিজের সংস্কার কাজ চলায় বর্তমানে ওই পথে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে মূল ব্রিজের পাশেই একটি বিকল্প কজওয়ে তৈরি করা হয়েছে। কিন্তু আজ শনিবার সাত সকালে সেই কজওয়েতেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস দুর্গাপুর ডিপোর, যা বহরমপুরের দিকে যাচ্ছিল। অন্য বাসটি ছিল সিউড়ি ডিপোর, যার গন্তব্য ছিল কলকাতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কজওয়ের উপর দিয়ে যাওয়ার সময় বাস দু’টির গতিবেগ যথেষ্ট বেশি ছিল। দুর্গাপুর থেকে বহরমপুরগামী বাসটি কজওয়ের উপর অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে হঠাতই নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত দিক থেকে আসা সিউড়ি ডিপোর বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। বাসের যাত্রী উজ্জ্বল কুমার মণ্ডল জানিয়েছেন, চালকের দ্রুত গতিতে ওভারটেক করার প্রবণতাই এই বিপত্তি ডেকে এনেছে।
Birbhum,West Bengal
Birbhum News: জাতীয় সড়ক সংলগ্ন কজওয়েতে ২ সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত চালক-সহ একাধিক যাত্রী, চাঞ্চল্য বীরভূমে
