Last Updated:
Madhyamik Result: এবার মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল থেকে ২২ জন ছাত্রছাত্রী স্থান পেয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য হ্যামিল্টন হাইস্কুল থেকেই পাঁচ জন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা স্থান পেয়েছে। তার মধ্যে একজন হল অভিরূপ দে।
তমলুক, সৈকত শী: ৮৪ দিনের মাথায় ফল প্রকাশ হল এবারের মাধ্যমিক পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষায় বরাবরই ভাল ফলাফল করে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীরা। এবারে তার অন্যথা হয়নি। যদিও এবার পাশের হারে প্রথম স্থান জুটেনি। পূর্ব মেদিনীপুরে এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে দ্বিতীয় স্থানে।
তবে এবার মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল থেকে ২২ জন ছাত্রছাত্রী স্থান পেয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য হ্যামিল্টন হাইস্কুল থেকেই পাঁচ জন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা স্থান পেয়েছে। তার মধ্যে একজন হল অভিরূপ দে। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিরূপ। অভিরূপের প্রাপ্ত নম্বর ৬৯১। অভিরূপ মাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম স্থানে রয়েছে।
অভিরূপ ক্লাস ওয়ান থেকে পর পর্যন্ত তমলুকের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পড়াশোনা করে। তারপর ক্লাস ফাইভ থেকে হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র। ছোটবেলা থেকে মেধাবী হলেও পড়াশোনার কোনও বাঁধাধরা নিয়ম ছিল না। অভিরূপের বাবা পেশায় পোশাক বিক্রেতা। মা গৃহবধূ। অভিরূপের দাদা রয়েছে। পড়াশোনার পাশাপাশি অভিরূপ ক্রিকেট খেলতে ভালবাসে। এর পাশাপাশি বিভিন্ন বিতর্ক মূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করত অভিরূপ।
অভিরূপ জানিয়েছে, “পরীক্ষা ভাল হয়েছিল। এতটা ভাল ফলাফল হবে আশা করিনি। র্যাঙ্ক করব আশা করিনি। ভাল নম্বরের আশা করেছিলাম। স্কুল শিক্ষকদের পাশাপাশি গৃহ শিক্ষক পাশে ছিলেন। সর্বোপরি মা পড়াশুনায় প্রচুর সাহায্য করেছেন। আগামী দিনে লক্ষ্য আইআইটিতে যাওয়ার।” অভিরূপের মা বলেন, ” কোনও নিয়মানুবর্তিতা ছিল না অভিরূপের। ওর মন হলে পড়াশোনা করত, না হলে ক্রিকেট খেলা ও মোবাইল নিয়ে পড়ে থাকত। ছেলে এত ভাল ফল করায় খুশি আমরা সবাই।”
পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীরা প্রতিবার মাধ্যমিকে ভাল ফলাফল করে চমক দেয়। এবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করেছে। জেলার ছাত্রছাত্রীর মাধ্যমিকে ভাল ফল করায় পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক মহলে খুশির হাওয়া।
Tamluk,Purba Medinipur,West Bengal