Last Updated:
Sujit Bose Arrested: ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগের পাশাপাশি গাড়ির চালক, ঝাড়ুদার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিটে কারচুপি করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল।
কলকাতা: এর আগে একাধিকবার এড়িয়েছেন ইডি হাজিরা৷ ছেলেকে দিয়ে ইডি দফতরে নথিও পাঠিয়েছেন৷ ভোট মিটতেই অবশ্য সোমবার ইডি দফতরে সশরীরে হাজির হন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু৷ তারপর থেকে সাড়ে ১০ ঘণ্টা একটানা জিজ্ঞাসাবাদ৷ সন্ধের দিকে তাঁকে বসিয়ে রেখে খবর পাঠানো হয় দিল্লিতেও৷ তার পরে রাত ৯টা বেজে ১৫ মিনিটে গ্রেফতারি৷ পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল ইডি৷
ইডি সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জনের অযোগ্য প্রার্থীর নিয়োগ করা হয়েছিল৷ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি অভিযোগের সঙ্গে ছিল গাড়ির চালক, ঝাড়ুদার, স্বাস্থ্য কর্মীর নিয়োগেও দুর্নীতি৷ অভিযোগ, অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিটে কারচুপি করা হয়েছিল এই নিয়োগে৷ সংশ্লিষ্ট পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছেন সিবিআই৷
অভিযোগ, পাঁচু রায় ও সুজিত বসুর মাধ্যমে অয়ন শীলের সংস্থার সাহায্যে ওএমআর শিটে নম্বর বিকৃত করা হয়েছিল৷ এমনকী, মৌখিক পরীক্ষার ক্ষেত্র শূন্য পেলেও পাঁচু ও সুজিতের নির্দেশে অযোগ্যদের চাকরি পাকা হয়েছিল বলে অভিযোগ৷
ইডি সূত্রের খবর, টাকা এবং জায়গা জমির লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য হিসাবের গরমিল ছিল৷ সেই সমস্ত নিয়ে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়৷ রাতেই সুজিত বসুর মেডিক্যাল পরীক্ষা করিয়ে কোর্টে নিয়ে যাওয়ার কথা৷
May 11, 2026 10:00 PM IST
