Last Updated:
Cooch Behar Rajbari: কোচবিহারের ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে অন্যতম কোচবিহার রাজবাড়ি। সেই প্রাসাদ এভাবে অন্ধকারে ডুবে থাকায় শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
কোচবিহারঃ ‘রাজার জেলা’ কোচবিহারে একাধিক ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এর মধ্যে অন্যতম কোচবিহার রাজবাড়ি। জেলার সেই স্থাপত্যই বিগত এক মাস ধরে অন্ধকারে ডুবে রয়েছে। এই নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে।
জানা যাচ্ছে, কয়েক মাস আগেও কোচবিহার রাজবাড়িকে অন্ধকারে ডুবে থাকতে দেখা গিয়েছিল। এরপর গত নভেম্বর থেকে সেই ছবি পাল্টায়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ফের পুরনো দৃশ্য। ভিতরের ঘরগুলিতে আলো থাকলেও রাজবাড়ির বাইরের অংশ অন্ধকার। ফলে সন্ধ্যার পর থেকে পুরো অন্ধকারে ডুবে থাকছে এই ঐতিহাসিক স্থাপত্য।
এই বিষয়ে কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি কুমার সুপ্রিয় নারায়ণ বলেন, কোচবিহার রাজবাড়ির সৌন্দর্য দিনে একরকম, রাতে একরকম। শহরবাসীর কথা ছেড়ে দিলেও, বাইরে থেকে আসা পর্যটকেরা রাতের অন্ধকারে রাজবাড়িকে এভাবে দেখে কোচবিহারের সম্বন্ধে কী ধারণা নিয়ে ফিরবেন? তাই রাজবাড়ি আলোকিত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক। এমনভাবে বিদ্যুতের ওয়্যারিং করা হোক, যাতে তা মাঝেমধ্যেই নষ্ট না হয়ে যায়।
কোচবিহার রাজবাড়ির আলোর সমস্যার সুষ্ঠু সমাধান চেয়েছেন কোচবিহার শহরের অধ্যাপক অলোক সাহাও। তপোময় পাল নামে আরেক শহরবাসী বলেন, সন্ধ্যার পর আলোয় সেজে উঠুক কোচবিহার রাজবাড়ি। সেই সঙ্গেই নিরাপত্তার দিকেও নজর দেওয়া হোক।
এই প্রসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট গোপীনাথ জেনা বলেন, রাজবাড়ির আলোর সমস্যার বিষয়টি জানতে পেরেছেন। ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই ফের রাজবাড়ি আলোকিত হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।
প্রসঙ্গত, কোচবিহারের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কোচবিহার রাজবাড়ি। সেই ঐতিহাসিক স্থাপত্য এভাবে অন্ধকারে ডুবে থাকার বিষয়টি একেবারেই ভাল ভাবে নিচ্ছেন না শহরবাসী। এই সমস্যা মিটিয়ে রাজপ্রাসাদ ফের কবে আলোয় সেজে ওঠে সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
