Last Updated:
Purulia News: বাতিল জিনিসই আয়ের সম্বল। ফেলে দেওয়া খবরের কাগর, পুরনো কাপড় দিয়েই উপার্জনের নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার মহিলারা। সংসারে আসছে বাড়তি আয়।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সংসারের চেনা গণ্ডির মধ্যেই লুকিয়ে ছিল স্বনির্ভরতার স্বপ্ন। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছেন পুরুলিয়া শহরের নডিহা চাটানিপাড়া এলাকার আট জন মহিলা। ফেলে দেওয়া খবরের কাগজ ও পুরনো কাপড়কে কাজে লাগিয়ে তাঁরা গড়ে তুলেছেন আয়ের নতুন পথ। অবসর সময়কে কাজে লাগিয়ে আজ তাঁরা শুধু নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করছেন না, পাশাপাশি সমাজের কাছেও হয়ে উঠছেন অনুপ্রেরণা।
মহিলাদের এই উদ্যোগে তাঁদের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে তৈরি পণ্য বাজারে পৌঁছে দেওয়া, প্রতিটি ক্ষেত্রেই ওই সংস্থা মহিলাদের সহযোগিতা করছে। ফলে ধীরে ধীরে নডিহা চাটানিপাড়ার বহু পরিবার স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছে।
প্রতিদিন সংসারের কাজ সেরে মহিলারা একত্রিত হয়ে পুরনো খবরের কাগজ দিয়ে বিভিন্ন মাপের ঠোঙা তৈরি করেন। সেই ঠোঙা শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়। প্রতি কেজি ঠোঙা তৈরি করে তাঁরা ২০ টাকা করে লাভ পাচ্ছেন। অল্প আয় হলেও মাস শেষে তা সংসারের খরচে বাড়তি সহায়তা করছে। শুধু ঠোঙা তৈরি নয়, পুরনো কাপড় দিয়েও তাঁরা বানাচ্ছেন আকর্ষণীয় পাপোশ। স্থানীয় বাসিন্দারাও এখন পুরনো কাপড় ফেলে না দিয়ে তাঁদের হাতে তুলে দিচ্ছেন। অর্ডার অনুযায়ী তৈরি প্রতিটি পাপোশ বাজারে বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায়। এর বদলে মহিলারা পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত মজুরি।
মহিলাদের আরও স্বনির্ভর করে তুলতে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেই প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গিয়েছে। চাটানিপাড়ার এই মহিলাদের উদ্যোগ এখন এলাকায় প্রশংসিত। তাঁদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও অনেক মহিলা এই কাজে আগ্রহ দেখাচ্ছেন। সাধারণ উপকরণ দিয়েও যে অসাধারণ কিছু করা সম্ভব, তা ফের একবার প্রমাণ করলেন পুরুলিয়ার এই লড়াকু মহিলারা।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia News: বাতিল জিনিসেই কপাল খুলছে! একবার শিখে গেলেই কেল্লাফতে, সংসারের কাজ সামলে বাড়িতে বসেই আয়ের দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার মহিলারা