Last Updated:
West Medinipur News: প্রলয় মাসান্ত পেশায় একজন সাধারণ সিভিক ভলান্টিয়ার। কিন্তু তাঁর পরিচয় এখন শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ নেই, জঙ্গলমহলের মানুষের কাছে তিনি এক বিশ্বস্ত ‘সর্পবন্ধু’। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্যপ্রাণী উদ্ধারের কাজ করে চলেছেন এই যুবক।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: লম্বা একটি ব্যাগ, একটি ক্যাচার আর একটি স্টিক, এই সামান্য সরঞ্জামই এখন তাঁর নিত্যসঙ্গী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অলংকারপুর এলাকার বাসিন্দা প্রলয় মাসান্ত পেশায় একজন সাধারণ সিভিক ভলান্টিয়ার। কিন্তু তাঁর পরিচয় এখন শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ নেই, জঙ্গলমহলের মানুষের কাছে তিনি এক বিশ্বস্ত ‘সর্পবন্ধু’। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিঃস্বার্থভাবে বন্যপ্রাণী উদ্ধারের কাজ করে চলেছেন এই যুবক।
প্রলয়ের এই পথচলা সহজ ছিল না। শুরুতে পরিবারের সদস্যরা সাপ ধরার মত বিপজ্জনক কাজে বাধা দিলেও, তাঁর একাগ্রতা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা দেখে আজ তাঁরাও গর্বিত। দিন হোক বা রাত, লোকালয়ে সাপ বেরোনর খবর পেলেই ফোন আসে প্রলয়ের কাছে। কখনও ডিউটি সামলে, আবার কখনও বিশ্রামের সময়টুকু বিসর্জন দিয়ে তিনি পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। বিষধর সাপ উদ্ধার করে সাধারণ মানুষকে যেমন বিপন্মুক্ত করেন, তেমনই সাপটিকেও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তিনি।
নিজের সামান্য আয়ের ওপর নির্ভর করেই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং খরচে এই পরিবেশ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার আপামর মানুষ ও পরিবেশপ্রেমীরা। প্রলয় প্রমাণ করে দিয়েছেন যে, পরিবেশ রক্ষার জন্য বড় পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু এক টুকরো স্বচ্ছ ভাবনা আর অদম্য ইচ্ছাশক্তি। প্রলয়ের এই কাজ আগামী দিনে পরিবেশ ও মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরও মজবুত করবে বলে সকলের বিশ্বাস।
Paschim Medinipur,West Bengal
May 12, 2026 12:53 PM IST
Civic Volunteer: কালকেউটে থেকে চন্দ্রবোড়া, ডাক পেলেই খাবার থালা ছেড়ে ছুটে যান উদ্ধার করতে! এই সিভিক ভলান্টিয়ার এখন জঙ্গলমহলের ‘ত্রাতা’