নয়াদিল্লি: টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসাবে ইতিমধ্যেই এবারের আইপিএলের (IPL 2026) প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দলের হতাশাজনক পারফরম্যান্সও যদি যথেষ্ট না হয়, তাহলে ফের একবার মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্দরমহলের খবর কিন্তু বিতর্ক তৈরির জন্য যথেষ্ট। আর ফের একবার সেই বিতর্কের কেন্দ্রে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিকের তত্ত্বাবধানে পল্টনরা এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জয় তো দূর, ফাইনালে অবধি পৌঁছতে পারেনি। দলের এবারের হতাশাজনক পারফরম্যান্সের পরে স্বাভাবিকভাবেই অধিনায়ক হার্দিককে নিয়ে উঠছে প্রশ্ন। আর এই মাঝে জল্পনা বাড়িয়েছে হার্দিকের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ। তিনি সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন বলেই শোনা যাচ্ছে। এর জেরে স্বাভাবিকভাবেই বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে। বলা হচ্ছে এই মরশুম শেষেই নাকি হার্দিককে পল্টনরা ছেড়ে দেবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক কে হতে পারেন, সেই নিয়ে জল্পনা। অনেকেই আশা করছেন তাঁদের প্রিয় রোহিত শর্মার হাতে যেন পুনরায় অধিনায়কত্ব উঠে। অনেকে আবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে।
আরও পড়ুন:- ‘অপরিপক্ক ক্রীড়ামন্ত্রী…’ মেসিকাণ্ড নিয়ে অরূপ বিশ্বাসকে একহাত নিলেন শতদ্রু দত্ত
এই সব জল্পনা-কল্পনা নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর। অধিনায়ক হওয়ার বিষয়ে কিন্তু রোহিত বা সূর্য, কেউই মঞ্জরেকর ভোট পাননি। তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তাঁর পছন্দের বিকল্প কে? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আমার মতে হার্দিক পাণ্ড্যকে বাদ দিয়ে ভাবনাচিন্তা করতে হবে। হার্দিককে মুম্বইয়ে নিয়ে আসার সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত সফল হয়নি। আর সত্যি বলতে এটা হার্দিকের জন্যও ঠিক হয়নি। এক্ষেত্রে প্যাকেজের মতো আশিস নেহরাকেও হার্দিকের সঙ্গে আনা উচিত ছিল। আমি চাই বুমরাকে যাতে অধিনায়কত্ব দেওয়া হয়। এই অধিনায়কত্বের চাপ তো আর টেস্ট অধিনায়ক হওয়ার চাপের সমান হবে না।’
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যে সকল ক্রিকেটার অন্তত ৩০টি ম্য়াচে অধিনায়কত্ব করেছেন, তাঁদের সকলের মধ্যে হার্দিক পাণ্ড্যের জয়ের হার সবথেকে কম। হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৩৭টি ম্যাচ খেলে মাত্র ১৫টি ম্যাচ জিতেছে আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা। হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এবার দেখার তিনি আদৌ পরের মরশুমে পল্টনদের অধিনায়ক থাকেন কি না। তবে যা শোনা যাচ্ছে তাতে অন্তত পঞ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু হার্দিক পল্টনদের পরের ম্যাচে খেলবেন না।