Last Updated:
কর্মীদের বকেয়া ডিএ মেটানো, সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতির পাশাাপাশি সরকারি দফতরে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী নতুন রাজ্য সরকার৷
রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি-র অন্যতম প্রতিশ্রুতি ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের ভয়ডরহীন ভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন৷ এসবের পাশাপাশি এবার রাজ্য সরকারি অফিসগুলিতে কর্মশৃঙ্খলা ফেরাতেও উদ্যোগী হল নতুন সরকার৷
মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় সরকারি কর্মচারীদের অফিসের সময়ানুবর্তিতা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি, কত ঘণ্টা অফিসে থাকা বাধ্যতামূলক, সেকথাও মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকার৷
রাজ্য সরকারের বিচার বিভাগের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ১০.১৫ মিনিটের মধ্যে কর্মীদের অফিসে ঢুকে যেতে হবে৷ বিকেল ৫.১৫-র আগে অফিস ছাড়া যাবে না৷ প্রসঙ্গত ২০০০ সালে রাজ্য সরকারের অর্থ বিভাগ এই একই নির্দেশিকা জারি করেছিল৷ সেই নির্দেশই আবার সরকারি কর্মচারীদের স্মরণ করিয়ে দেওয়া হল৷
প্রসঙ্গত এ দিনও নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবসরের পরেও বিভিন্ন পদে আসীন দুশোরও বেশি আধিকারিকের পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ মূলত গ্রুপ এ অফিসারদের পুনর্নিয়োগের চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে৷
Kolkata,West Bengal
May 13, 2026 12:43 AM IST
