Last Updated:
East Medinipur Business News: মাটির কলসি প্রাকৃতিক উপায়ে জল ঠান্ডা রাখে। তাই গরমে মাটির কলসির বা মাটির জলের কুঁজোর বিক্রি বাড়ছে। মাটির কলসির চাহিদা যেমন বেড়েছে, তেমনই লাভের মুখ দেখছেন কুম্ভকাররাও। ফলে গরমের মরশুমে প্রচুর কলসির অর্ডার আসছে।
নন্দকুমার, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার কুম্ভকারেরা সারা বছর নানান ধরনের মাটির পাত্র তৈরি করে থাকেন। তবে গ্রীষ্মের মরশুমে বাড়তি লাভের আশায় মৃৎশিল্পীরা বিশেষ ধরণের জলের পাত্র তৈরি করছেন। এই জলের পাত্রগুলির বিক্রিও হচ্ছে ভাল পরিমাণে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ও তমলুক এলাকার মৃৎশিল্পীদের তৈরি এই পাত্রগুলি এখন জেলা জুড়ে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে।
প্রখর গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে ঠান্ডা জলের খোঁজে অনেকেই ভরসা করছেন ফ্রিজের ওপর। তবে চিকিৎসকরা বলছেন, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল শরীরের পক্ষে সবসময় ভাল নয়। তার চেয়ে অনেক বেশি উপকারী মাটির কলসিতে সংরক্ষিত জল। আর সেই কারণেই পূর্ব মেদিনীপুরের তমলুক সহ আশপাশের বিভিন্ন এলাকায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে মাটির কলসির চাহিদা।
মাটির কলসি প্রাকৃতিক উপায়ে জল ঠান্ডা রাখে। কলসির গায়ে থাকা অতি ক্ষুদ্র ছিদ্রপথ দিয়ে সামান্য জল বাইরে বেরিয়ে বাষ্পীভবন ঘটিয়ে ভিতরের জলকে ঠান্ডা রাখে। এতে জল তার প্রাকৃতিক গুণাগুণও বজায় রাখে। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল হজমের সমস্যা, গলা ব্যথার সমস্যা হয়। অন্যদিকে, মাটির কলসির জল শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি থাকে, ফলে তা পান করলে শরীর ভিতর থেকে ঠান্ডা হয়, হজমশক্তি বাড়ে এবং গ্রীষ্মের দাবদাহে স্বস্তি মেলে। তাই গরমে মাটির কলসির বা মাটির জলের কুঁজোর বিক্রি বাড়ছে। মাটির কলসির চাহিদা যেমন বেড়েছে, তেমনই লাভের মুখ দেখছেন কুম্ভকাররাও।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, তমলুক, ময়না-সহ বিভিন্ন এলাকার জাতীয় ও রাজ্য সড়কের ধারে বসে তাঁরা কলসি বিক্রি করছেন। কুম্ভকার চিত্তরঞ্জন পাল জানান, “সারা বছর টব, প্রদীপ, পুজোর সামগ্রী তৈরি করি। কিন্তু এই গরমের মরশুমে প্রচুর কলসির অর্ডার পাচ্ছি। বাড়িতে দিনরাত কলসি তৈরির কাজ চলছে। আর এখন বিক্রিও ভাল হচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মধ্যে মাটির কলসি কেনার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। কারণ, একদিকে যেমন এটি স্বাস্থ্যকর, অন্যদিকে তুলনামূলকভাবে দামে সস্তাও। মাটির কলসি ছাড়াও মাটির বোতলের বিক্রিও বেড়েছে। স্বাস্থ্যসচেতনতার এই নবজাগরণে বর্তমানে মাটির জলের পাত্র কিনছে শহুরে মানুষেরা। ফলস্বরূপ এই গ্রীষ্মকালে রোজগার বেড়েছে কুম্ভকারদের।
Purba Medinipur,West Bengal
Business News: অভাব এখন অতীত, পকেটে আসছে কাড়ি কাড়ি টাকা! গরমকালে এই ব্যবসায় লুকিয়ে অঢেল আয়, রাস্তার মোড়ে মোড়ে রেকর্ড বিক্রি