মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার এবার সিবিআইয়ের হাতে। তদন্তের জন্য সাত সদস্যের সিট গঠন করল CBI। নেতৃত্বে ডিআইজি পঙ্কজকুমার সিংহ। এই দলে থাকছেন দিল্লির ৩ জন সিবিআই অফিসার। এর আগে রাজ্য পুলিশের গোয়েন্দা দল তদন্ত করছিল। খুনের ধরণ দেখে পুলিশ আগেই অনুমান করেছিল ভিনরাজ্যের দুষ্কৃতীরা এই ঘটনায় যুক্ত। তাঁদের সেই আন্দাজ ঠিক প্রমাণিত হয়েছে। তদন্তে নেমে উত্তরপ্রদেশ ও বিহার থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। বিহারের বক্সার ও উত্তরপ্রদেশের বলিয়া-অযোধ্যা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রাজ সিং অপরাধ জগতে শার্প শুটার হিসেবে পরিচিত। তবে এই গ্রেফতারি খুব একটা সহজ ছিল না। কারণ খুব ভালো মতো পরিকল্পনা করে বেশ কিছুদিন ধরে রেকি করে এই খুন করা হয়। খুনের তদন্তে নেমে তেমন কোনও ক্লু পাচ্ছিল না পুলিশ। চন্দ্রনাথ রথ খুনের পর একটি গাড়ি এবং দুটি বাইক উদ্ধার করে পুলিশ।