মুখ্যমন্ত্রীর নির্দেশের তিন ঘণ্টার মধ্যে অ্যাকশন। তিলজলায় বেআইনি বহুতল ভাঙল প্রশাসন। আগেই বহুতলটির জল-বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তপসিয়ার চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের পর কলকাতায় ‘বুলডোজার’ চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই কারখানার সামনে পৌঁছে যায় জেসিবি। সমগ্র বহুতলটি ভেঙে ফেলার কাজ চালু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বহুতলটি অবৈধ ভাবে নির্মিত। তাই তা ভেঙে ফেলা হবে। সেই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি। আলাদা করে উল্লেখ করেছেন কসবা, তিলজলা, মোমিনপুর, একবালপুরের মতো এলাকার কথা। অবৈধ নির্মাণগুলিতে বিদ্যুৎ সংযোগ এবং জলের লাইন কেটে দিতে বলেছেন তিনি। শুভেন্দু জানিয়েছেন, অবৈধ নির্মাণ নিয়ে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে। যাঁদের সতর্ক হওয়া প্রয়োজন, তাঁরা যেন এখনই সতর্ক হয়ে যান।