Last Updated:
RG Kar Case Hearing: আর জি কর তদন্তে কি ফের নয়া পদক্ষেপ? হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে সিবিআই তদন্তকারী সীমা পাহুজা।
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সেই বিতর্কিত সেমিনার রুমটি পুনরায় সিল করার নির্দেশ ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানায়, ঘটনাস্থল হিসেবে চিহ্নিত ওই সেমিনার রুম দ্রুত ফের সিল করা প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ, তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সুরক্ষা বজায় রাখা অত্যন্ত জরুরি।
এদিন সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে ভার্চুয়ালি সংযুক্ত করল হাইকোর্ট। সিবিআইয়ের মনে হয়নি তদন্তের স্বার্থে অন্য প্লেস সিল করা প্রয়োজন? অন্য কোনও জায়গা সিল করেছেন? প্রশ্ন ডিভিশন বেঞ্চের। সীমা পাহুজা আদালতে বলেন, ‘নো নো মাই লর্ড, দেহ উদ্ধার করার জায়গা সিল করা হয়েছে’।
বিচারপতির পর্যবেক্ষণ, ‘রিপোর্টে নতুন কিছু দৃষ্টিকোণ দেয়নি। যা তারা তদন্ত করেছে সেটাই সংক্ষেপে রিপোর্টে রেখেছে।’ আদালত জানায়, আর জি কর ধর্ষণ ও খুনে কেন সিবিআই পুনরায় তদন্তের (Re investigation) প্রয়োজন তার বিবেচনা আগে করবে হাইকোর্ট। অভয়া পরিবারের ৩৮ প্রশ্ন তুলে করা মামলার বিবেচনা আগে হবে। বৃহস্পতিবার দুপুর দুটোয় পরবর্তী শুনানি। সিবিআই অফিসার সীমা পাহুজাকে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্ণব হাজরা
Kolkata,West Bengal
