কলকাতা : “আপনি তো আইনের ঊর্ধ্বে নন।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকালই ক্য়ামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানমঞ্চ থেকে চারজনের সম্পত্তি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুরসভার নোটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা ও লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানায় একদিনে ১৭টা নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা।
এই ইস্যুতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূলের নেতা-গুন্ডাদের চিহ্নিত করা হয়েছে। আমার দফতর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নোটিস পাঠাচ্ছি যেখানে যেখানে বেআইনি বাড়ি তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজ নিজে আপনি বেআইনি কাজ করেছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের নামে আপনি বলেন আপনার নাকি কোনও যোগ নেই এইসব কোম্পানির সঙ্গে, সেইসব বাড়ি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে, আপনার বাবার নামে…। আপনি তো আইনের ঊর্ধ্বে নন। সুতরাং নোটিস দেওয়া হয়েছে আপনাকে, আনতে হবে। প্ল্যান আনুন। নাহলে আমরা ব্যবস্থা নেব।”
এর আগে ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। দিয়েছেন হুমকি। এমনই একাধিক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়েরের পর বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে তাঁর অভিযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ জমা দেন তিনি। উস্কানিমূলক ভাষণ, হুমকি, শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় FIR। যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। শুক্রবার বাগুইআটি থানায় এই অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। যিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত।
তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের একাধিক প্রচারসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন।
বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল DJ বাজানোর কথা। আবার কখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায় উঠে এসেছে দিল্লির প্রসঙ্গ। তিনি বলেছিলেন, “এবার আমি নিজে দায়িত্বে থাকব। ৪ তারিখ ১২টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি ৪ তারিখ দেখব।”