সন্দীপ সরকার, কলকাতা: বুধবার বিকেলে এক পশলা বৃষ্টির পর যখন ইডেন গার্ডেন্সের দিকে জনপ্লাবন শুরু হল, বেশিরভাগের পরনে একটাই জার্সি। যে জার্সির পিছনে জ্বলজ্বল করছে ‘৪৫’ নম্বর। সঙ্গে নাম, ‘রোহিত’।
ইডেন গার্ডেন্স যাঁর পয়মন্ত মাঠ। এই মাঠে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বরেকর্ড। আইপিএলে সেঞ্চুরি। রঞ্জি ট্রফিতে দুরন্ত রেকর্ড। রোহিত ‘হিটম্যান’ শর্মার জন্যই বুধবার ইডেনের সমর্থন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল চেয়েছে কলকাতা নাইট রাইডার্স জিতুক। অন্য দলের প্রার্থনা ছিল, ফলাফল যাই হোক, রোহিত ঝড় তুলুন ব্যাট হাতে।
ইনিংস ওপেন করতে নেমে রোহিত ব্যর্থ হলেন। জোড়া ছক্কা মেরে শুরু করেছিলেন। কিন্তু সৌরভ দুবের বলে ক্যাচ তুলে ফেরেন। মিড অন থেকে অনেকটা দৌড়ে দুরন্ত ক্যাচ নিলেন ক্যামেরন গ্রিন। ১৩ বলে ১৫ রান করে রোহিত ফেরার পর থেকেই ইডেন জুড়ে শুধু ‘কেকেআর, কেকেআর’ গর্জন।
আরও পড়ুন: ঝালমুড়ি খেতে খেতে ইডেনে আইপিএল ম্যাচ দেখছেন দিলীপ ঘোষ, কেকেআরের প্লে অফ নিয়ে এখনও আশায়
আইপিএল প্লে অফে ওঠার সামান্যতম আশা জিইয়ে রাখতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতেই হতো কেকেআরকে। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অজিঙ্ক রাহানে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ইনিংসে ১৪৭/৮ স্কোরে আটকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় ১০৫/৭ হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ৪ ওভারে ৫২ রান করে ভদ্রস্থ স্কোর বোর্ডে তোলে মুম্বই। ১৮ বলে অপরাজিত ৩২ করেন করবিন বস্ক। দুরন্ত বোলিং করেন সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৩ রানে এক উইকেট। ২টি করে উইকেট ক্যামেরন গ্রিন, সৌরভ দুবে ও কার্তিক ত্যাগীর।
৭ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল কেকেআর। অঙ্গকৃষ রঘুবংশী ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পাওয়ায় তাঁর পরিবর্তে কনকাশন সাহ হিসাবে আইপিএল অভিষেক হল তেজস্বী সিংহ দাহিয়ার। রঘুবংশীর বদলে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেললেন মণীশ পাণ্ডে। যাঁর ব্যাটে ২০১৪ সালের ফাইনাল জিতেছিল কেকেআর। ৩০ বলে ৪০ করলেন রোভম্যান পাওয়েল।
এবারের আইপিএলের প্রথমবারের সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়েছিল কেকেআরকে। ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কেকেআর। এই ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট হল কেকেআরের। তবে যেভাবে শেষ দিকে মন্থর ব্যাটিং করল কেকেআর, শেষ পর্যন্ত রান রেট বিচার্য হয়ে দাঁড়ালে ১৪৮ তুলতে ১৮.৫ ওভার পর্যন্ত খরচ করা না কাল হয়ে দাঁড়ায়।