Last Updated:
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ফলতার ২৮৫ ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রীতি সাহা ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ, বৃহস্পতিবার ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচন চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২৮৫টি বুথে নিরাপত্তার জন্য ওই কেন্দ্রে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সব বুথে ওয়েব কাস্টিং করা হচ্ছে। এর আগে ওই কেন্দ্রের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। তাই সব বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন। এই অবস্থায় আজ গোটা দিন নজর থাকবে সেখানকার ভোট পরিস্থিতির দিকে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ ৷

দ্বিতীয় দফায় যখন ফলতায় নির্বাচন হয়েছিল তখন প্রায় ১৮ শতাংশ ভোট পড়েছিল সকাল ন’টা পর্যন্ত। অর্থাৎ তার থেকে এদিন বেশি ভোট পড়েছে ৷
ফলতায় পুনর্নির্বাচনের দিন খোঁজ পাওয়া গেল না ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের। তাঁর বাড়ি এবং দলীয় দফতরের দরজা তালাবন্ধ ছিল। ডাকাডাকির পরেও কেউ ভিতর থেকে দরজা খোলেননি। ফলতা বিধানসভা কেন্দ্রের স্থানীয়দের একাংশের বক্তব্য, বিগত বেশ কয়েকটি নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। এ ক্ষেত্রে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর দলবলের দিকে অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোট দিতে দিত না জাহাঙ্গিরের বাহিনী। হাতে কালি লাগিয়েও ভোটকেন্দ্র থেকে ফিরে আসতে হত বলে দাবি করেছেন তাঁরা। প্রসঙ্গত, ফলতায় এ বার জাহাঙ্গিরকে প্রার্থী করেছিল তৃণমূল।
২৮৫টি বুথে পুনর্নির্বাচন চলছে ফলতায়। আর সেই ছবি কাস্টিংয়ের মাধ্যমে উঠে আসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সকাল থেকেই মাইক্রো অবজারভাররা সেই কাজে লেগে পড়েছেন। যদি কোনও বুথে কাস্টিংয়ের সমস্যা হয়, সরাসরি সেখানে প্রিসাইডিং অফিসারকে ফোন করে নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। সমস্যার সমাধান ফোনে না হলে পাঠানো হচ্ছে কুইক রেসপন্স টিম।
Kolkata,West Bengal
May 21, 2026 10:17 AM IST
