Last Updated:
সুজিত বসু ছাড়াও পুরনিয়োগ দুর্নীতি মামলায় আর এক প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷
সুজিত বসু ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলরের যোগসাজসেই ওই পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রীকে ফের হেফাজতে চেয়ে আদালতে এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করল ইডি৷ শুধু তাই নয়, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বয়ানকেই সুজিত বসুর বিরুদ্ধে হাতিয়ার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
অবৈধ নিয়োগের জন্য কাউন্সিলরদের সঙ্গে সুজিত বসুর যোগসাজশের দাবির পাশাপাশি এ দিন আদালতে পাঁচু রায়ের বয়ানও পেশ করে ইডি৷ আদালতকে ইডি-র আইনজীবী জানান, পাঁচ রায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। পাঁচু রায় জানিয়েছেন, তাঁর আপত্তি সত্ত্বেও নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং (বেসরকারি সংস্থা) ব্যবহার করা হয়েছিল৷ আউট সোর্সিং করার জন্য তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসু এবং কাউন্সিলরদের একটা বড় অংশ একত্রিত ভাবে কাজ করেছিলেন৷
পাল্টা সুজিত বসুর আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, এই গ্রেফতারি আইন মেনে হয়নি৷ তিন বছর আগের মামলায় এখন গ্রেফতার করা হচ্ছে । এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসার ফল৷
গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি৷ এ দিন ফের প্রাক্তন দমকলমন্ত্রীকে আদালতে পেশ করে ১৪ দিনের জন্য হেফাজতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইতিমধ্যেই পাঁচু রায় এবং সুজিত বসুকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে ইডি৷
Kolkata,West Bengal
