বাপন সাঁতরা, হুগলি: গোঘাটে তৃণমূল নেতার বাড়ির পাশে ঝোপ থেকে উদ্ধার হাত কামান ও মাটি খুঁড়ে উদ্ধার হল বারুদভর্তি বস্তা। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝরিয়ায় এই ঘটনায় শোরগোল পড়েছে।
তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে তিনটি হাত কামান উদ্ধার !
গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে তিনটি হাত কামান উদ্ধার করছে গোঘাট থানার পুলিশ। ঝোপের পাশেই মাটি খুঁড়ে বারুদভর্তি বস্তা উদ্ধার করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে সেগুলি উদ্ধার করে। অস্ত্র ও বারুদ উদ্ধারের খবর পেয়ে এলাকার মানুষ সেখানে ভিড় করেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
” গত ১৫ বছর ধরে এলাকায় সন্ত্রাস সৃষ্টি..”
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের ফল অন্যরকম হলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই তৃণমূল এইসব অস্ত্রসস্ত্র মজুত করে রেখেছে। এলাকার দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। ফরিদ ও তাঁর ভাই মিলে গত ১৫ বছর ধরে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, লুঠতরাজ চালিয়েছে বলে তাঁদের অভিযোগ। যদিও এবিষয়ে তৃণমূল মুখে কুলুপ এঁটেছে।
সক্রিয় অভিযান পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
ভোটের আগে থেকেই এরাজ্যে সক্রিয় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ভোটে যাতে কোনও হিংসার ঘটনা না ঘরে সেই কারণে জেলায় জেলায়, প্রতিটি প্রধান যোগাযোগের রাস্তার মুখেই বসেছিল পুলিশ পিকেট। রাতভর সেখানে নাকাচেকিং চালানো হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তরফে। গাড়ি থামিয়ে, সন্দেহজন কাউকে দেখলে, তারও তল্লাশি নেওয়া হয়েছে। বলতে গেলে সেদিক থেকে চলতি বছরের ভোটে কমিশনের কড়াকড়িতে শান্তিপূর্ণ ভোট হয়েছে দুই দফাতেই। এখানেই শেষ নয় নির্ভয়ে এসে ভোট দিতে পেরেছেন প্রায় সকলেই। তাই স্বাধীনতার পর চলতি বছরে ভোট দানের হারও রেকর্ড ভেঙেছে।
২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী
গেরুয়াঝড়ে এবার ধরাশায়ী তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ইতিমধ্যেই অপরাধ দমনের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশ। সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় যাতে যবনিকা টানা যায় তাই, ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য কড়া নজর রাখা হচ্ছে।