Last Updated:
পাঁচ বছর আগে করা একটি টুইট ঘিরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়–এর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় হিংসায় উসকানির অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগকারীর দাবি, তিনি সম্প্রতি এক সাংবাদিকের পোস্ট দেখে বিষয়টি জানতে পারেন, কারণ এতদিন তিনি টুইটারে ছিলেন না।
কলকাতাঃ পাঁচ বছর আগে করা একটি এক্স (আগে ট্যুইটার) হ্যান্ডেলে করা পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে। সেদিন পরমব্রত এক্স (আগে ট্যুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টের নীচে স্বস্তিকা মন্তব্য করেন, “হা হা হা হোক হোক।” ওই সময় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। পরমব্রতের এই মন্তব্যকে কেন্দ্র করে তখনই বিতর্ক শুরু হয়েছিল। পরে অভিনেতা দাবি করেছিলেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ–এর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ওই ট্যুইট করেছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন, শিল্পীরা নাচ-গান করুন, রাজনীতিতে এসে বাড়াবাড়ি করলে “রগড়ে দেব”।

বর্তমানে রাজ্যে বিজেপি সরকার। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে হিংসায় উসকানির অভিযোগ দায়ের করেন জয়দীপ সেন।
কেন পাঁচ বছর পরে অভিযোগ দায়ের করা হল, সেই প্রশ্নের উত্তরে এক সংবাদমাধ্যমে জয়দীপ জানান, তিনি এতদিন ট্যুইটারে ছিলেন না। সম্প্রতি এক সাংবাদিকের পোস্ট দেখে বিষয়টি তাঁর নজরে আসে। তাঁর দাবি, ওই মন্তব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসা উসকে দিতে পারে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ঘটেছিল আইপিসি কার্যকর থাকার সময়, তাই ভারতীয় ন্যায় সংহিতা চালু হলেও এই মামলায় আইপিসির ১০৭ ধারাই প্রযোজ্য হবে। এই বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় ফোন করা হলে, তাঁরা ফোন ধরেননি।
Kolkata,West Bengal
May 22, 2026 12:58 PM IST
