Last Updated:
Narendra Modi on Falta: প্রধানমন্ত্রী আরও মন্তব্য করেন যে, এই ফলাফল নতুন সরকারের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের আস্থারই প্রতিফলন এবং তিনি বিজেপির সকল কর্মীকে তাঁদের অসামান্য কাজের জন্য অভিনন্দন জানান।
নয়াদিল্লি: ফলতা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রেকর্ড জয়কে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই জয়কে গণতন্ত্রের বিজয় ও ভীতি প্রদর্শনের পরাজয় বলে অভিহিত করেছেন তিনি। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ফলতা বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন যা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে একটা বড় জয় হিসাবে দেখছে বিজেপি। এই পুনর্নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস৷ প্রার্থী জাহাঙ্গির খান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পরে নেমে এসেছেন চতুর্থ স্থানে।
সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘ফলতার জনগণ রায় দিয়েছেন! গণতন্ত্রের জয় হয়েছে, ভীতিপ্রদর্শনের পরাজয় হয়েছে। ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ায় শ্রী দেবাংশু পান্ডা জি-কে অভিনন্দন। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থারই প্রতিফলন৷’
প্রধানমন্ত্রী আরও মন্তব্য করেন যে, এই ফলাফল নতুন সরকারের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের আস্থারই প্রতিফলন এবং তিনি বিজেপির সকল কর্মীকে তাঁদের অসামান্য কাজের জন্য অভিনন্দন জানান তিনি।

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম-এর শম্ভুনাথ কুর্মিকে ১ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন। দেবাংশু পেয়েছেন ১,৪৯,৬৬৬ ভোট, যেখানে শম্ভুনাথ পেয়েছেন মাত্র ৪০,৬০৫ ভোট। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে বিজেপি ক্ষমতায় আসার পর টিএমসি-র জাহাঙ্গির খান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
May 24, 2026 10:59 PM IST
