Last Updated:
কেরলে নতুন সরকার গঠন হয়ে গেলেও এতদিন নতুন কোনও মন্ত্রী কুসংস্কারের বশবর্তী হয়ে ১৩ নম্বর গাড়িটি ব্যবহারে রাজি হননি৷
কেরলে বাম গণতান্ত্রিক জোটকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ৷ কিন্তু কংগ্রেসের জোট সরকারের কোনও মন্ত্রীই ১৩ নম্বর গাড়ি ব্যবহারে রাজি হচ্ছিলেন না৷ তবে এই প্রথম নয়, অতীতেও ১৩ নম্বরকে অশুভ বলে ধরে নিয়ে এই গাড়ি ব্যবহারে রাজি হননি প্রাক্তন অনেক মন্ত্রীই৷
শেষ পর্যন্ত অবশ্য কংগ্রেসের জোট সঙ্গী আইইউএমএল দলের মন্ত্রী কে এম শাজি ১৩ নম্বর গাড়ি ব্যবহারে রাজি হয়েছেন৷ কেরলের নতুন মন্ত্রিসভায় স্বায়ত্ত্বশাসন দফতরের মন্ত্রী তিনি৷
জানা গিয়েছে, শপথ গ্রহণের পর প্রথমে শাজির জন্য ৯ নম্বর গাড়ি বরাদ্দ করা হয়েছিল৷ কিন্তু স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী রমেশ চেন্নিথালা ৯ নম্বর গাড়িটি চেয়েছিলেন৷ যার ফলে তাঁর জন্য ফের ৯ নম্বর গাড়িটি বরাদ্দ করে ১৩ নম্বর গাড়িটি দেওয়া হয় শাজিকে৷
১৩ নম্বর গাড়ি ব্যবহার নিয়ে অবশ্য কোনও আপত্তি নেই কেরলের নতুন মন্ত্রীর৷ ১৩ নম্বর সংখ্যা নিয়ে যে কুসংস্কার রয়েছে তাকেও গুরুত্ব দিতে নারাজ শাজি৷ তিনি বলেন, আমি জানতে চেয়েছিলাম কোন গাড়িগুলি ফাঁকা আছে৷ আমাকে অনেকগুলিই বিকল্প দেওয়া হয়েছিল৷ তখন আমি জানতে পারলাম ১৩ নম্বর গাড়িটি উপেক্ষিত, অবহেলিত হয়ে পড়ে আছে৷ কেউ তাতে চড়তে চাইছেন না৷ তাই আমি এই গাড়িটিই বেছে নিলাম৷
১৩ নম্বর সংখ্যা নিয়ে প্রচলিত বিশ্বাসকে গুরুত্ব না দিয়ে শাজি বলেন, আমাদের জীবনে অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে৷ সেসব কিছুই কি এই ১৩ নম্বর সংখ্যার জন্য? কত মানুষই তো জীবনে যন্ত্রণা, খারাপ সময়, অসুস্থতা, প্রতিকূলতার মধ্যে দিয়ে যান৷ তার মানে কি তাঁরা ১৩ নম্বর সংখ্যাকে বেছে নিয়েছিলেন? নিশ্চয়ই সেরকম নয়৷ ফলে আমি এই ধরনের কুসংস্কার মানি না৷
অতীতে এই ১৩ নম্বর গাড়িটির ব্যবহার বন্ধ করতে নির্দেশও দিয়েছিল কেরল সরকার৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দনের সরকারের আমলে সেকথা জানতে পেরে পুরনো ফাইল আনিয়ে সেই নির্দেশ বাতিল করে ১৩ নম্বর গাড়ি নিজে ব্যবহার করতে শুরু করেছিলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক এবং তৎকালীন মন্ত্রী এম এ বেবি৷ কিন্তু ২০১১ সালে বামেদের সরিয়ে কংগ্রেস ক্ষমতায় আসার পর নতুন মন্ত্রিসভার কোনও সদস্য ১৩ নম্বর গাড়িটি ব্যবহার করতে রাজি হননি৷
এর পরের দশ বছরে অবশ্য পিনারাই বিজয়ন সরকারের আমলে এই গাড়িটির ব্যবহার হয়েছিল৷ তবে ২০২১ সালে ১৩ নম্বর গাড়ি ব্যবহার করতে আপত্তি জানান বাম সরকারের এক মন্ত্রী৷ তখন প্রাক্তন কৃষিমন্ত্রী পি প্রসাদ ১৩ নম্বর গাড়ি ব্যবহারে রাজি হন৷
Kolkata,West Bengal
