Last Updated:
Suvendu Adhikari: প্রতিশ্রুতি মতো কাজ। গত সোমবারের পর আজ দ্বিতীয়বারের জন্য আজ জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই চাকরিপ্রার্থীদের একাংশ আজ দেখা করতে পারেন তাঁর সঙ্গে।
কলকাতা: আজ সকাল ন’টা নাগাদ সল্টলেক বিজেপি দফতরে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচি। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ দ্বিতীয় বারের জন্য জনতার দরবার কর্মসূচিতে সাধারণ মানুষের মুখোমুখি হবেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর এই দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের চাকরি প্রার্থী শিক্ষকদের একাধিক সংগঠন দেখা করতে আসবেন আজ। গত ২০ তারিখ নবান্নে গিয়ে এই চাকরিপ্রার্থীদের একাংশ ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার জনতার দরবার কর্মসূচিতে সল্টলেক বিজেপি দফতরের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর তরফে আলোচনার জন্য ডাকা হয়েছে তাঁদের।
সূত্রের খবর, বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে জানানো হবে আজ চাকরিপ্রার্থীদের তরফে। প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের জট কাটিয়ে দ্রুত নিয়োগের আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।
প্রসঙ্গত, ওএমআর-এর ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে বৈধদের চাকরি ফেরানোর দাবি বহুদিন ধরেই তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। সরকারে বদল আসায় এবার তাঁরাই আশায় বুক বাঁধছেন। বর্তমান রাজ্য সরকারের কাছে তাঁদের এই দাবি জানাতে চান আন্দোলনকারীরা।
আজ চাকরিপ্রার্থীদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আহ্বানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তাঁরা। সূত্রের খবর সকাল ৯.৩০ টা নাগাদ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হবেন তাঁরা।
গত সোমবারই ‘জনতার দরবার’ শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই সল্টলেকে বিজেপির দলীয় দফতরে শুরু হয় সেই কর্মসূচি। সেখানে গিয়ে ‘বন্ধ ঘরে’ মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন অনেকেই।
আগেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, সপ্তাহে এক দিন বা দু’দিন দু’ঘণ্টা করে ‘জনতার দরবার’ করবেন শুভেন্দু। কথা মতো গত সোমবার সকাল ৯টা নাগাদ আচমকাই বিজেপির তরফে ঘোষণা করা হয়, সল্টলেকে বিজেপির দফতরে সাধারণ মানুষের কথা শুনবেন শুভেন্দু। ঘোষণার ৪৫ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ভবনের দোতলায় সাংবাদিক সম্মেলন কক্ষে ‘দরবার’ করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী। ঘণ্টাখানেক চলে সেই কর্মসূচি। জানানো হয়েছে, প্রতি সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সল্টলেক বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই ‘জনতার দরবার’।
Kolkata,West Bengal
