অনীক দত্তর রহস্যমৃত্যু, বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালকের। বুধবার টলিউডে শোকের ছায়া নেমে আসে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয় চিত্রপরিচালক অনীক দত্তর৷ জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেন৷ গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে তাঁর স্ত্রী, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন৷ স্ত্রী আলাদা থাকতেন৷ কারণ তাঁদের দাম্পত্য ভেঙেছিল আগের বছরই৷ তাঁর মরদেহ এসএসকেএম-এ আনা হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর দেহে অতিরিক্ত রক্তক্ষরণ, অভ্যন্তরীণ প্রচুর রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মাথার বাঁদিকে গুরুতর আঘাত লেগেছিল এবং বাঁদিকের স্কাল বা মাথার খুলির হাড় ভেঙে যায়। বিশেষজ্ঞদের ধারণা, অনেক উপর থেকে পড়ে যাওয়ার ফলে এমন আঘাতের সৃষ্টি হয়েছে। বাঁ দিকের পাঁজর ভাঙে গিয়েছিল, বাঁ পায়েও ছিল গুরুতর আঘাত। ভেঙে যায় কোমর। বাঁদিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্নও পাওয়া গিয়েছে। ফুসফুসে রক্ত জমাট বা হেমোথোরাক্সের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।