Last Updated:
Ram Mandir: রাজ আমলে প্রতিষ্ঠিত প্রায় ১৫০ বছর পুরনো এই রাম মন্দির স্থানীয়দের মধ্যে গঙ্গা বিষ্ণু ঠাকুরবাড়ি নামে বেশি পরিচিত। বছরের বিশেষ কিছু দিনে এখানে ধুমধাম করে পুজো হয়।
কোচবিহারঃ ‘রাজার জেলা’ কোচবিহারে এখনও রাজ আমলের অনেক নিদর্শন রয়েছে। বহু পুরনো মন্দির, স্থাপত্য আজও জেলাকে সমৃদ্ধ করে। কোচবিহার শহরের ২ নং কালীঘাট রোড ১০ নম্বর ওয়ার্ড পুর এলাকায় এমনই একটি ঐতিহাসিক মন্দির রয়েছে। রাজ আমলে স্থাপিত এই মন্দির প্রায় ১৫০ বছর প্রাচীন একটি রাম মন্দির। স্থানীয়দের কাছে অবশ্য গঙ্গা বিষ্ণু ঠাকুরবাড়ি নামেই অধিক পরিচিত।
জানা যায়, ১৮৯৭ সালে এই মন্দির তৈরি হয়েছিল। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে এক শতাব্দীর বেশি সময়। তবে আজও কোচবিহার জেলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গঙ্গা বিষ্ণু ঠাকুরবাড়ি।
রাজ আমলের এই মন্দিরে এখনও বিশেষ কিছু দিনে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। সেই দিনগুলিতে এখানে ভক্তদের ঢল নামে। পুজো দিতে মন্দির চত্বরে উপস্থিত হন বহু মানুষ। এছাড়া সারা বছর মন্দিরে দু’বেলা করে নিত্যপুজো হয়।
জানা যায়, গঙ্গা বিষ্ণু ঠাকুরবাড়ি রাজ আমলের মন্দির হলেও কোচবিহারের রাজারা এই মন্দির স্থাপন করেননি। তৎকালীন সময়কার বিহারের ভোজপুরের জমিদার গঙ্গা বিষ্ণুরাম পাটোয়ারি এই মন্দির এবং মন্দিরের পিছনের একটি দীঘি তৈরি করেন। তাঁর নামেই এই মন্দিরের নামকরণ হয় গঙ্গা বিষ্ণু ঠাকুরবাড়ি।
কোচবিহারের বুকে রাজ আমলের বহু নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সেই সময়ের রাম মন্দির সহজে দেখা যায় না। সেই কারণে জেলার বুকে এই শতাব্দী প্রাচীন রাম মন্দিরের গুরুত্ব ব্যাপক।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
