Last Updated:
Dilip Ghosh Mother: স্বাভাবিকভাবে মায়ের আশীষ নিয়ে নতুন এক পদক্ষেপে পা দিলীপের। মা পুষ্পলতাও ছেলের এই নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছেন। তবে দিলীপ ঘোষের মায়ের প্রতি এই আনুগত্য রাজনীতিকদের কাছে বেশ চর্চার।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: স্ট্রেট ফরওয়ার্ড দিলীপ ঘোষ আজ রাজ্যের পূর্ণমন্ত্রী। অবিভক্ত মেদিনীপুর বর্তমানে জঙ্গলমহল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে আজ পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার পূর্ণ মন্ত্রী প্রবীণ বিজেপি নেতা। প্রাথমিক জীবনে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ও প্রচারক ছিলেন। এরপর রাজনৈতিক জীবনে ভারতীয় জনতা পার্টির হয়ে ২০১৬ সালে খড়গপুর থেকে নির্বাচনে লড়াই করেন দিলীপ ঘোষ। প্রতিদ্বন্ধী প্রার্থী জ্ঞান সিং সোহনপালকে ভোটে হারিয়ে তিনি প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এরপর, সেই দিলীপ ঘোষের উপর দল ভরসা রাখে। ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান তিনি। ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হন দিলীপ।
তাঁর রাজনৈতিক জীবনে রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, মায়ের প্রতি অগাধ ভালবাসা ও ভক্তি। যে কোনও শুভ কাজে বরাবরই আশীর্বাদ নিয়েছেন মায়ের। বিধায়ক কিংবা সাংসদ থাকাকালীন একাধিকবার তিনি ছুটে গিয়েছেন তাঁর গ্রামে। আশীর্বাদ নিয়েছেন মা পুষ্পলতা ঘোষের। দিলীপ ঘোষের মা পুষ্পলতা বলেন, “মাধ্যমিকের পর অনুমতি নিয়েই বিস্তারকের কাজে গিয়েছে। এরপর যেকোনও কাজে যাওয়ার আগে অনুমতি নিয়েছে বারবার। আমি জানতাম, ছেলে একদিন মন্ত্রী হবে।”
নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং ছিল আজ। তার আগে প্রথম দিনের ক্যাবিনেটে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়াতে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন বিধায়ক দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, গ্রামের ঘর থেকে উঠে আসা, প্রথমে সংঘ, পরে দলে থেকে একাধিক বিধানসভার আসন জিতিয়েছেন দিলীপ ঘোষ। তবে বরাবর তার কাছে প্রথমে রয়েছেন মা। মায়ের থেকে আশীর্বাদ নিয়েই গিয়েছেন কাজে। এদিন মেদিনীপুরে দিলীপ ঘোষ বলেন, প্রথমে এলাকার সার্বিক উন্নতি লক্ষ্য। রাস্তাঘাট থেকে মানুষের দাবিদাওয়া মেটানো হবে কাজ। একই আর্জি দিলীপ ঘোষের মায়েরও। স্বাভাবিকভাবে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখলেন দিলীপ। মা পুষ্পলতাও ছেলের এই নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছেন। তবে দিলীপ ঘোষের মায়ের প্রতি এই আনুগত্য রাজনীতিকদের কাছে বেশ চর্চার।
রঞ্জন চন্দ
