Last Updated:
Anik Dutta’s Movies: প্রয়াত পরিচালক অনীক দত্তের সব ছবি এ বার প্রদর্শিত হবে নন্দনে। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত অনীকের ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা লেগেই থাকত। এ বার সেই জট কাটার সম্ভাবনা দেখা দিল।
কলকাতা : অনীক দত্তের ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা চর্চিত ছিল বরাবর। পরিচালকের প্রয়াণের পর সেই জট কাটার ইঙ্গিত মিলল। শুক্রবার নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘চার জন প্রতিনিধি আছেন আমাদের। হিরণ, পাপিয়া অধিকারী, রুদ্রনীল,রূপা গঙ্গোপাধ্যায়। এঁরা মিলে আলোচনা করে নন্দনে অনীক দত্তের সব সিনেমা দেখানো হবে।’’ এই প্রসঙ্গে অনীকের স্ত্রী সন্ধি দত্ত বলেন, ‘‘নন্দনে অনীকবাবুর ছবি দেখানো হবে, এটা অত্যন্ত ভাল৷’’ পরিচালক-কন্যা ঐশীর দাবি, শুধু নন্দন কেন, সব জায়গায় দেখানো হোক তাঁর বাবার পরিচালিত ছবি৷
শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় অনীক দত্তের নিথর দেহ৷ এদিন সকাল সাড়ে ৯টা থেকে নন্দনে শায়িত ছিল তাঁর মরদেহ। এর পর সাড়ে ১০টায় নন্দন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এনটিওয়ান স্টুডিয়োয়। তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সমবেত হন সেলেব্রিটি-সহ ভক্ত ও অনুরাগীরা৷ ‘ভূতের ভবিষ্যৎ’-এর স্রষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে একই সারিতে অপেক্ষমাণ ছিলেন তারকা থেকে আমজনতা৷ এনটিওয়ান স্টুডিয়ো থেকে অনীকের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে৷ সেখানেই সম্পন্ন হবে তাঁর অন্ত্যেষ্টি৷ তাঁর শেষযাত্রার তত্ত্বাবধানে ছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ৷
বুধবার সকালে হিন্দুস্তান পার্কের আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্তের। পরিচালককে সঙ্কটজনক অবস্থায় প্রথমে উদ্ধার করে ঢাকুরিয়া সংলগ্ন একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত থেকে জানা গিয়েছে, পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাঁর বাঁ দিকের মাথার খুলির হাড় ভাঙা। ভেঙেছে বাঁ দিকের পাঁজরও । বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। পরিচালকের বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে। বাঁ দিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও দাবি প্রাথমিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছে যেটি অনীকের সুইডেনবাসী মেয়ের উদ্দেশ্যে লেখা। কাউকে দোষ দেওয়া হয়নি নোটে। ছাদে পত্রিকার মধ্যে একটি খাম থেকে মিলেছে সেই নোট। সিসিটিভিতে পুরো ঘটনাটি দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
( প্রতিবেদন : প্রীতি সাহা এবং সুদীপ্ত সেন)
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
