Last Updated:
Anik Dutta Last Rites: এখনও অনীকের প্রয়াণ মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে একসারিতে অপেক্ষমাণ ছিলেন তারকা থেকে আমজনতা৷ পরিচালকের প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাঁকে বিদায় জানানো হয়
কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হল শুক্রবার৷ এদিন সকাল সাড়ে ৯টা থেকে নন্দনে শায়িত ছিল তাঁর মরদেহ। এর পর সাড়ে ১০টায় নন্দন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এনটিওয়ান স্টুডিয়োয়। তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সমবেত হন সেলেব্রিটি-সহ ভক্ত ও অনুরাগীরা৷ ‘ভূতের ভবিষ্যৎ’-এর স্রষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে একই সারিতে অপেক্ষমাণ ছিলেন তারকা থেকে আমজনতা৷ এনটিওয়ান স্টুডিয়ো থেকে অনীকের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে৷ সেখানেই সম্পন্ন হয় তাঁর অন্ত্য়েষ্টি৷ তাঁর শেষযাত্রার তত্ত্বাবধানে ছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ৷
এনটিওয়ান তিন নম্বর স্টুডিয়োয় শায়িত প্রয়াত পরিচালকের দেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান সৃজিত মুখোপাধ্যায় এবং হরনাথ চক্রবর্তী৷ স্ত্রী মৌপিয়াকে সঙ্গে নিয়ে অনীককে শেষ বার দেখতে এসেছিলেন উৎসব মুখোপাধ্যায়। ‘অপরাজিত’-র পরিচালকের শেষযাত্রার সাক্ষী ছিলেন বিদীপ্তা চক্রবর্তী এবং সুদেষ্ণা রায়৷ অনীকের নিথর দেহের মাথার কাছে বসে কেঁদে ফেললেন চৈতালি দাশগুপ্ত৷ চোখের জল ধরে রাখতে পারেননি সুদীপ্তা চক্রবর্তী এবং লগ্নজিতা চক্রবর্তী৷ অনীকের নশ্বর দেহ যেখানে, সেই স্টুডিওর বাইরে দীর্ঘ অপেক্ষায় ছিলেন তাঁর ছবির ‘সত্যজিৎ’, অভিনেতা জীতু কমল৷ অনীকের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিনেতা জিৎ৷ রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাঁকে বিদায় সকলে৷ ‘আগুনের পরশমণি’-র সুরে সুর মেলান গৌতম ঘোষ, ঊষসী চক্রবর্তীরা৷ ব্য়ক্তিজীবনে রাজনৈতিক পছন্দ অপছন্দ প্রকাশে কুণ্ঠাহীন পরিচালক অনীককে শ্রদ্ধা জানান প্রবীণ বামনেতা বিমান বসু৷ অনীককে নিয়ে তাঁর আক্ষেপ, ‘এই সমাজকে যা দিতে পারতেন, তার চেয়ে খুব কমই দিতে পেরেছেন।’ বর্ষীয়ান রাজনীতিকের আরও সংযোজন, ‘‘অনীক দত্ত ফর্ম ভাঙতেন, ফর্ম গড়তেন৷ এই শূন্যতা অপরিসীম।’’ প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানান সিপিএম নেতা শতরূপ ঘোষ৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 29, 2026 12:43 PM IST
