Last Updated:
Kunal Ghosh: অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা করলেন কুণাল ঘোষ। প্রশ্ন তুললেন অভিষেকের আগাম কর্মসূচিতে পুলিশের না থাকা নিয়েও।
কলকাতা: সোনারপুরে নিহত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জনরোষের মুখে পরে ডিম থেকে কাদা, চোর চোর স্লোগামের মুখে নিগৃহীত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আগাম জানানো সত্ত্বেও তাঁর এই কর্মসূচিতে পুলিশ ছিল না বলে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই অভিযোগ তুলে ঘটনার চরম নিন্দা করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভাবে সোনারপুরে পরিকল্পিত ভাবে, চক্রান্তমূলক হামলার মুখে পড়তে হল তা অত্যন্ত নিন্দনীয়। আমরা দলের তরফে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। কোথায় ছিল পুলিশ? কোথায় ছিল প্রশাসন? যখন তিনি যাচ্ছেন আগাম জানিয়ে, একজন সাংসদ, তখন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না কেন? কেন্দ্রীয় বাহিনী কী করছিল?”
কুণাল ঘোষের অভিযোগ, “তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যদি কোনও ঘোষিত কর্মসূচি দেন তখন এভাবে জমায়েত হয় কী করে।” সোনারপুরের এই ঘটনাকে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হাজরা মোড়ের হামলার ঘটনা স্মরণ করিয়ে বড় অভিযোগ তুলে ঘটনার নিন্দায় সরব হলেন কুণাল।
প্রসঙ্গত, এদিন সোনারপুরে অভিষেক বলেন, ‘‘আদালতে যাব, পুলিশ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এলাকা ছাড়ব না”৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ হুইসল বাজিয়ে জমায়েত সরানোর চেষ্টা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিকেল ৫:৩২ নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ শেষমেশ পুলিশি ঘেরাটোপে বাড়ি থেকে বেরোন অভিষেক৷
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স (x) ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। প্রসঙ্গত, এতদিন তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেয়ে এসেছেন। এবার থেকে অভিষেকের সঙ্গে থাকবে সবসময় তিনজন করে নিরাপত্তা রক্ষী।
Kolkata,West Bengal
May 31, 2026 12:18 AM IST
