Last Updated:
North Dinajpur News: জানা গিয়েছে, দিনের আলোয় এলাকার একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করেন তিন যুবক। বাড়ির সদস্যরা বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাঁদের ধরে ফেলেন।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ দিনের আলোয় বাড়িতে ঢুকে চুরির চেষ্টার অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভিনরাজ্যের তিন যুবককে উত্তম-মধ্যম দিল জনতা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রবিবার সকালে রায়গঞ্জের নেতাজিপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। এলাকার একটি বাড়িতে ঢুকে তিন যুবক চুরির চেষ্টা করে বলে অভিযোগ। বাড়ির সদস্যরা বিষয়টি টের পাওয়া মাত্রই চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে আসেন। সেই সময় ওই তিন যুবক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান।
ধৃতরা কেউ এই রাজ্যের বাসিন্দা নন। তাঁদের সকলের বাড়ি উত্তর প্রদেশের মোজাফফরনগরের সাহাপুর থানার অন্তর্গত বাসিকোলা গ্রামে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিলিগুড়ি মোড় অঞ্চলে একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। জানা গিয়েছে, ধৃতরা মূলত ফেরিওয়ালার কাজ করতেন।
অন্যদিকে রায়গঞ্জ থানার পুলিশ বিএনএসের নির্দিষ্ট ধারায় ধৃত তিন যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে। গতকাল বিকেলে তাঁদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারক।
সব মিলিয়ে, দিনেদুপুরে শহরের এক বাড়িতে এভাবে চুরির চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হওয়ার পাশাপাশি এলাকাবাসীদের মনেও আতঙ্ক তৈরি হয়েছে। তাহলে কি ফেরিওয়ালার ছদ্মবেশে শহরে আন্তঃরাজ্য চোর চক্র সক্রিয় হয়ে উঠছে? দেখা দিচ্ছে এই প্রশ্ন।
Uttar Dinajpur,West Bengal
May 04, 2026 10:59 AM IST
North Dinajpur News: দিনের আলোয় চুরির চেষ্টা! ভিনরাজ্যের তিন ‘ফেরিওয়ালা’কে উত্তম-মধ্যম দিল জনতা, রায়গঞ্জে চাঞ্চল্য
