Last Updated:
আগামী ৮ জুন শওকতকে তলব করা হয়েছে। কিন্তু আদৌ কি তাঁকে হাতের মুঠোয় পাবে এনআইএ? কোথায় পালালেন তৃণমূল নেতা? এনআইএ-র তদন্তে এবার বাংলাদেশ তত্ত্ব!
কলকাতা: বেপাত্তা শওকত মোল্লা। গেলেন কোথায়? দিনভর তাঁর খোঁজেই তল্লাশিতে কখনও তাঁর বাড়ি কখনও ক্যাফের সর্বত্র চষে ফেলেছে এনআইএ টিম। সূত্রের খবর, বাইকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন তৃণমূল নেতা। প্রাক্তন বিধায়কের সঙ্গে রয়েছে তাঁর এক শাগরেদ। রয়েছে দু’টি ব্যাগও। কিন্তু এখনও তাঁর খোঁজ মেলেনি।
বাংলাদেশ পালানোর চেষ্টা?
শওকত মোল্লাকে ৮ই জুন তলব করেছে এনআইএ। তবে তাঁদের তদন্তের ইঙ্গিত, বাংলাদেশে পালিয়ে যাওয়া ছক করছেন তিনি। অন্তত এমনটাই আশঙ্কা করছে এনআইএ।
বিস্ফোরণের ঘটনায় আরও এক গ্রেফতার:
প্রসঙ্গত, ভাঙ্গরের বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। এই নিয়ে ভাঙ্গরের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজন। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজে যে স্করপিও গাড়িটি ব্যবহার করা হয়েছিল। সেই স্করপিও গাড়িটি চালিয়ে নিয়ে গিয়েছিলেন সাইনুর মোল্লা। তাকে গ্রেফতার করল এনআইএ। এই মামলায় মোট গ্রেফতারেরর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।
উল্লেখ্য, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যায় এনআইএ। ৮-১০টি গাড়িতে করে যান তদন্তকারীরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। এর পর শওকতের বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না। তল্লাশি অভিযানের খবর পেয়ে পরে বাড়িতে পৌঁছন তৃণমূল নেতার স্ত্রী ও মেয়ে। কিছু ক্ষণ পরে শওকতের ছেলে ইমরান মোল্লাকেও ওই বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে সকলকে জিজ্ঞাসাবাদের পরেই ইমরান সঙ্গে নিয়ে শওকতের খোঁজে বেরোন এনআইএ-র কয়েক জন আধিকারিক।
Kolkata,West Bengal
