Last Updated:
NEET-UG আন্দোলনের অন্যতম মুখ ও CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসছে বলে জানিয়েছেন তাঁর মা অনিতা দীপকে। তিনি আশা প্রকাশ করেছেন, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ছেলের বিয়ে হবে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিজিৎ নিজেই।
নয়াদিল্লিঃ NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে হওয়া ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত হয়েছে। এবার অভিজিতের রাজনৈতিক লড়াই নয়, তাঁর ব্যক্তিগত জীবনই উঠে এসেছে চর্চার কেন্দ্রে। জানা গিয়েছে, তাঁর জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসছে।
অভিজিতের মা অনিতা দিপকে জানিয়েছেন, CJP-র আন্দোলন শুরুর আগেও তাঁর ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসত। আন্দোলনের পর সেই সংখ্যা আরও বেড়েছে। তিনি বলেন, “অভিজিতের জন্য আগে থেকেই সম্বন্ধ আসছিল, এখনও আসছে। আমরা চাই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ওর বিয়ে হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওকেই নিতে হবে।”
অনিতা আরও জানান, অভিজিৎ যখন আমেরিকার বোস্টনে ছিলেন, তখনও তাঁকে বিয়ের কথা বলেছিলেন। কিন্তু সে সময় ছেলে কোনও উত্তর দেয়নি। এখন তিনি দেশে ফিরলে ফের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও দাবি করেন, CJP গঠনের পর অভিজিৎ বোস্টনে একাধিক হুমকি পেতে শুরু করেন। সেই সময় নিরাপত্তার কারণে পরিবারের সদস্যরা প্রায় দু’সপ্তাহ কোকণ অঞ্চলে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এমনকি, অভিজিৎ যে ‘ককরোচ জনতা পার্টি’ গড়তে চলেছেন, সে বিষয়েও পরিবার আগে কিছু জানত না।
অনিতার কথায়, “আমরা টেলিভিশনের খবর এবং ওর সাক্ষাৎকার দেখে প্রথম জানতে পারি CJP সম্পর্কে।” NEET-UG প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব দেওয়ার পর অভিজিৎ দিপকে এখন নতুন করে আলোচনায়, তবে এবার তাঁর বিয়েকে ঘিরে।
Kolkata,West Bengal
