Last Updated:
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর রাজ্য পুলিশও জেলায় জেলায় এসপি ও সিপিদের প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে। সূত্রের খবর, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে।
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পরে আজ, সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ পরে রাজ্যের পুলিশের আধিকারিকদের সঙ্গেও দীর্ঘ বৈঠক হয়৷ সেই বৈঠকে গরু পাচারে ‘জিরো টলারেন্স’ নীতি থেকে শুরু করে কয়লা পাচার, দুর্নীতি, অনুপ্রবেশ এবং হিংসার মতো বিষয়ে বিশেষ নজর দেওয়ার বার্তা দেন তিনি৷ পুলিশের প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, ‘‘আগের সরকারের পুলিশ আর এই সরকারের পুলিশ এক নয়।’’
এদিন রাজনৈতিক নেতাদের দেওয়া নিরাপত্তা নিয়েও বিশেষ ভাবে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে শুভেন্দু বলেন, ‘‘কেন রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে? দ্রুত নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। একজন সাংসদকে কেন বিশেষ ভাবে নিরাপত্তা দেওয়া হবে?’’ পুলিশের বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পুলিশের বৈঠকে এসপি বারাসাতকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘‘আপনি কেন ব্যালান্স করে চলছেন?’’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তার পরেই তৎপরতা চোখে পড়ে রাজ্য পুলিশের তরফে৷ তৃণমূল কংগ্রেসের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-কে রিপোর্ট পাঠাতে বলেছে রাজ্য পুলিশ। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস সিকিওরিটি পান। তাঁর নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করে অবিলম্বে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপিকে রিপোর্ট দিতে বলেছে রাজ্য পুলিশ।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর জেলায় জেলায় এসপি সিপিদের নির্দেশও দিয়েছে রাজ্য পুলিশ। সূত্রের খবর, অবিলম্বে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে৷
প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে অবশ্য বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ স্পষ্ট জানিয়ে দেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়ে যাতে কোনরকম আপস না হয়। উনি অনেক ভুল কাজ করেছেন। কিন্তু গত ১৫ বছর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এটা মাথায় রাখতে হবে। ওনার বাড়ির বাইরে যে সমস্ত গন্ডগোলের ঘটনা ঘটছে এগুলো যেন না হয়।’’
বৈঠকে শুভেন্দু জানান, ‘‘যারা দোষ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। ২০২১ এর ভোট পরবর্তী হিংসার সঙ্গে যারা যুক্ত তাদের ফাইল ওপেন করতে হবে। ব্যবস্থা নিতে হবে।’’ জানান, তাঁর চলাচলের জন্য যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়৷ কোনও কিছুর জন্য কোনও রাস্তা ব্যবহার করতে দেওয়া যাবে না। বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। তা-ও বৈঠকে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
May 11, 2026 11:44 PM IST
