Last Updated:
Amit Shah: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনটি উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।
কলকাতাঃ আগামী সোমবার, ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতি বছরের মতো এ বারও দেশজুড়ে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। তবে ১২৫তম জন্মবার্ষিকী হওয়ায় এ বারের উদ্যাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে তাঁর আদর্শে অনুপ্রাণিত দলের সরকার ক্ষমতায় এসেছে। সেই কারণেই জন্মবার্ষিকী উদ্যাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আবহে অমিত শাহের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।
এর আগে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নিজেও যোগাভ্যাসে অংশ নেন। সেই ধারাবাহিকতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীও বর্ণাঢ্যভাবে পালনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
এই কর্মসূচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে তাঁর আদর্শের সরকার প্রতিষ্ঠা হওয়ায় বিজেপি কর্মীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, ৬ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি এই উদ্যাপনকে আরও ঐতিহাসিক করে তুলবে।
শমীকের দাবি, এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে তাঁর জীবন, আদর্শ এবং পশ্চিমবঙ্গ গঠনে তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। তাঁর মতে, দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে মানুষকে আরও সচেতন করাই এই উদ্যাপনের অন্যতম লক্ষ্য।
Kolkata,West Bengal
