Last Updated:
শিবপুরের প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারির বিরুদ্ধে দাসনগর থানায় তোলাবাজি, হুমকি ও সরকারি সামগ্রী চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগে প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডল-সহ আরও কয়েকজনের নামও রয়েছে।
হাওড়াঃ শিবপুরের প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারির বিরুদ্ধে দাসনগর থানায় মামলা দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগকারী তরুণ মজুমদার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, সরকারি সামগ্রী চুরি-সহ একাধিক অভিযোগ এনেছেন।
অভিযোগে মনোজ তিওয়ারি ছাড়াও হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডল-সহ আরও কয়েকজন যুবকের নাম রয়েছে। এই ঘটনায় দাসনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের তদন্তের দাবিতে অভিযোগকারীকে নিয়ে দাসনগর থানায় কথা বলেন শিবপুরের বিধায়ক। উল্লেখ্য, শুক্রবার প্রাক্তন বিধায়কের দফতর থেকে বহু সরকারি ত্রিপল এবং ত্রাণসামগ্রী উদ্ধার হয়। সেই ঘটনার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একাধিক জনপ্রতিনিধির বাড়ি থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সন্দেশখালি ২ ব্লকের দুর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান লক্ষ্মণ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, সরকারি শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। খাটের নীচে লুকিয়ে রাখা অবস্থায় ওই সামগ্রী উদ্ধার হওয়ার পর ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি ও কার্যালয় থেকেও বিপুল পরিমাণ সরকারি ও ত্রাণসামগ্রী উদ্ধার হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি সামগ্রী। অভিযোগ, ওই সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান, ডিম ছোড়েন এবং ‘চোর চোর’ স্লোগান তোলেন।
Kolkata,West Bengal
