Last Updated:
Annapurna Yojana: হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার আওতায় ৫,১০০ মহিলার হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রেখা পাত্র। মহিলাদের আর্থিক সহায়তা ও কল্যাণমূলক এই প্রকল্পকে ঘিরে উৎসাহ দেখা যায় এলাকাজুড়ে।
হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: হিঙ্গলগঞ্জে ৫১০০ মহিলার হাতে ‘অন্নপূর্ণা যোজনা’র প্রাপ্তি শংসাপত্র, উপস্থিত বিধায়ক রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ ব্লকে অন্নপূর্ণা যোজনার আওতায় ৫১০০ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি আর্থিক সহায়তার টাকা পৌঁছে গেল। এই উপলক্ষে এদিন হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে প্রাপ্তি শংসাপত্র তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র এবং হিঙ্গলগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)।
এদিন আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের উদ্বোধন হয়। পূর্বে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন, তাদের মধ্যেই প্রথম পর্যায়ে সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হিঙ্গলগঞ্জ বিডিও অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপভোক্তা মহিলা উপস্থিত ছিলেন। শংসাপত্র হাতে পেয়ে তাঁদের মধ্যে উৎসাহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, এই আর্থিক সহায়তা তাঁদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা পাত্র বলেন, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বহু পরিবারের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ তৈরি হয় হিঙ্গলগঞ্জে। উপভোক্তাদের মুখে হাসি এবং সরকারি প্রকল্পের সুবিধা হাতে পাওয়ার আনন্দই ছিল দিনের প্রধান আকর্ষণ।
Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন পাবেন। এখানে Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনও একটি অপশনে ক্লিক করবেন। এরপর Enter Value-তে সেই নম্বরটি দেবেন। এরপর ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করুন। এতেই বুঝতে পারবেন নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেটাও।
South Twenty Four Parganas,West Bengal
Jun 03, 2026 11:32 PM IST