Last Updated:
Lightning Death: নদিয়ার নাকাশিপাড়ার বিল্লগ্রামে মর্মান্তিক ঘটনা। কাঞ্চন সরকার নামে ২৪ বছরের এক যুবক নিজের চাষের জমিতে পাওয়ার ট্রেলার নিয়ে কাজ করার সময় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির মধ্যে বিপদের মুখে পড়েন।
নাকাশিপাড়া, মৈনাক দেবনাথ: মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্লগ্রামে। মৃত যুবকের নাম কাঞ্চন সরকার, বয়স আনুমানিক ২৪ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পাওয়ার ট্রেলার নিয়ে নিজের চাষের জমিতে কাজ করছিলেন কাঞ্চন। সেই সময় হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তিনি মাঠে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ, আচমকাই একটি বজ্রপাত তাঁর ওপর আঘাত হানে। সঙ্গে সঙ্গে তিনি মাঠের মধ্যেই অচেতন হয়ে পড়ে যান। বৃষ্টি কিছুটা কমলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। স্থানীয়দের মতে, বর্ষাকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে আরও সচেতনতা প্রয়োজন।
প্রসঙ্গত, নাকাশিপাড়ায় কয়েকদিন আগেই বজ্রপাতের জেরে দুই জনের মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় মাঠে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বজ্রাঘাতে গুরুতর জখম হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরপর একাধিক বজ্রপাতজনিত মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে নাকাশীপাড়া জুড়ে।
Nadia,West Bengal
