Last Updated:
নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী৷ আগামী মঙ্গলবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি৷
বারুইপুরে ১২ বছর বয়সি নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ৷ যাদবপুরের সাংসদের দাবি, ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে বলেও সায়নী ঘোষকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী৷
নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুরের সূর্যপুর৷ গণপ্রহারে মৃত্যু হয়েছে এক সন্দেহভাজনের৷ নাবালিকার উপরে এই নৃশংস নির্যাতনের নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যাদবপুরের সাংসদ৷
এক্স হ্যান্ডেলে সায়নী লেখেন, ‘বারুইপুরে সূর্যপুরে এক নাবালিকা যে ঘৃন্য অপরাধের শিকার হয়েছে, তার তীব্র নিন্দা করি৷ তাঁর পরিবারের পাশে থেকে আমি অন্তর থেকে তাঁদের সমবেদনা জানাচ্ছি৷ আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেছি এবং তিনি নিজে পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে আমাকে আশ্বস্ত করেছেন৷ দোষীদের গ্রেফতার করা হচ্ছে, সিট গঠন করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না এবং দ্রুত ন্যায়বিচার মিলবে৷ দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই৷’
সায়নী জানিয়েছেন, এলাকার সাংসদ হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে তিনিও লিখিত ভাবে এই দাবিগুলি জানাবেন৷ পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশে থাকাকেই তিনি অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন যাদবপুরের সাংসদ৷
তবে একই সঙ্গে যেভাবে গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে, তারও নিন্দা করেছেন সায়নী ঘোষ৷ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্যও সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন যাদবপুরের সাংসদ৷
Kolkata,West Bengal
Jul 05, 2026 10:51 PM IST
