Last Updated:
BJP Jhalmuri Celebration: প্রধানমন্ত্রীর ঝালমুড়ি প্রেমকে সঙ্গী করেই দুবরাজপুরে বিজয় উৎসব। বিধায়ক অনুপ কুমার সাহার উপস্থিতিতে শহরবাসীকে ঝালমুড়ি খাইয়ে আনন্দ ভাগ করে নিলেন বিজেপি কর্মীরা।
দুবরাজপুর, বীরভূম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা দেখেছে পরিবর্তনের হাওয়া। রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের এই বিপুল সাফল্যের আবহে বীরভূমের দুবরাজপুরে দেখা গেল এক অভিনব ছবি। কোনও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা নয়, বরং বাঙালির চিরন্তন প্রিয় খাবার ‘ঝালমুড়ি’ বিলি করে সাধারণ মানুষের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার দুবরাজপুর থানা মোড়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক অনুপ কুমার সাহা। উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, শহর সভাপতি দেবজ্যোতি সিংহ এবং নেতা সত্য প্রকাশ দেওরাই-সহ অন্যান্য কর্মীরা। ঝালমুড়ি বিলির এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পথচলতি মানুষ থেকে শুরু করে কর্মী সমর্থকদের, সকলকেই এদিন তুলে দেওয়া হয় মশলাদার ঝালমুড়ি।
অন্যদিকে, স্থানীয় ঝালমুড়ি বিক্রেতারাও এই উদ্যোগে অত্যন্ত খুশি। তাঁদের মতে, স্বয়ং প্রধানমন্ত্রী যখন ফুটপাথের খাবার খান, তখন তাঁদের মতো ছোট বিক্রেতাদের আত্মসম্মান ও কাজের উৎসাহ কয়েক গুণ বেড়ে যায়। বিজয় উল্লাসের মাঝে বিজেপির এমন ‘মাটির কাছাকাছি’ থাকা কর্মসূচি দুবরাজপুর শহরের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Birbhum,West Bengal
BJP Jhalmuri Celebration: ঝালমুড়িতেই সেলিব্রেশন! বীরভূমে বিপুল জয়ের পর সাধারণের প্রিয় খাবার বিলি বিজেপি নেতৃত্বের
