Last Updated:
Suvendu Adhiakri: আজ থেকেই বাংলায় কার্যকর হল সিএএ৷ নবান্ন থেকে বুধবার রাতে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ CAA-র আওতায় না থাকলে গ্রেফতারির কথাও জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা: আজ থেকেই রাজ্যে কার্যকর সিএএ৷ ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ পশ্চিমবঙ্গে যারা CAA-র আওতায় নেই তাদের সরাসরি গ্রেফতার করবে রাজ্য পুলিশ, নবান্ন থেকে জানিয়ে দিলেন৷ পাশাপাশি, CAA-র আওতায় থাকলে কোনওরকম হয়রানির শিকার হতে হবে না, তাও জানিয়ে দিলেন শুভেন্দু৷
বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ ডিজি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এর আগের সরকার CAA দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে৷ আজ (বুধবার) থেকে আমরা এই আইন কার্যকরী করলাম। CAA-এর আওতায় যারা আছেন তাদের পুলিশ কোথাও হয়রানি করতে পারবে না। যারা CAA-এর আওতায় নেই তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে। তাদের ডিটেক্ট(চিহ্ণিত করা), ডিলিট (বাদ দেওয়া) ও ডিপোর্ট (স্থানান্তরিত) করবে। Bdf এর সাথে কথা বলে তাদের তারপর ডিপোর্ট করবে। আজ এই ঘোষণা করলাম।
ডিজি বিএসএফ জানালেন, ‘‘আজ আমরা একটা আমূল পরিবর্তন দেখলাম। যেখানে ফেন্সিং দেওয়ার আছে সেখানে দিতে পারব। জাতীয় নিরাপত্তার জন্য এটা ভীষণ দরকার ছিল। গত ১০ দিন ধরে বিএসএফ-এর অনেক অফিসাররা ছিলেন। চোরাকারবারের তালিকা শেয়ার করেছি। বিএসএফ-এর পরিকাঠামো হয়ে যাওয়ার পর এর সুবিধা রাজ্য পাবে, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সুবিধা হবে।’’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার সীমান্তে নিরাপত্তা নিয়ে সরব শুভেন্দু অধিকারী৷ মন্ত্রিসভা গড়ার পরপরই সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ রাজ্যে বিজেপি সরকার এলে সিএএ কার্যকর হওয়া যে কেবল সময়ের অপেক্ষা, তা একরকম নির্ধারিতই ছিল৷ বুধবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী৷
পাশাপাশি, জনগণনা আটকে রাখা নিয়েও পূর্বতন সরকারকে তোপ দেগেছে শুভেন্দু৷ নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মমতা সরকাররের বিরুদ্ধে জনগণনা আটকে রাখার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘পূর্বতন সরকারকে জনতা পুরোপুরি নাকচ করে দিয়েছে৷ পূর্বতন সরকার শুধুমাত্র তোষণ, পরিবারতন্ত্র, মহিলাদের উপর অত্যাচার চালানো, প্রশাসনকেই শেষ করেনি৷ তারা দেশের সংবিধানকেও চ্যালেঞ্জ করেছে৷ ২০২৫ সালের ১৬ জুন স্বরাষ্ট্রমন্ত্রকের রেজিস্ট্রার জেনারেলের অফিস বিজ্ঞপ্তি জারি করেছিল৷ তার পর এক বছর কাটতে চলেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, অনেক অফিসারের নোট রয়েছে৷ সরকারের গোপন নথি আমাদের হাতে এসেছে৷ এরা জনগণনা আটকে রেখেছিল৷ তার পিছনে একটাই উদ্দেশ্য ছিল৷ বিশেষত প্রধানমন্ত্রী মহিলাদের সংরক্ষণ দিতে সীমানা পুনর্বিন্যাস করার যে চেষ্টা করছেন, তা আটকাতেই জনগণনা আটকে রাখা হয়েছিল৷’’
Kolkata,West Bengal
