Last Updated:
Child Birth Viral News: মুর্শিদাবাদে বিরল এক ঘটনা, একসঙ্গে তিন সন্তানের জন্মে চমকে গেলেন চিকিৎসকরাও। অপারেশন থিয়েটারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। মা ও তিন নবজাতকের শারীরিক অবস্থা, চিকিৎসকদের প্রতিক্রিয়া এবং এই বিরল ঘটনা সম্পর্কে জানুন…
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদে যা ঘটল ডাক্তারকে কুর্নিশ করছেন সকলেই… সোমবার সকালে এক বিরল ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের কান্দির একটি বেসরকারি নার্সিংহোম। একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়ে পরিবারের সকলের মুখে হাসি ফোটালেন তুসিনা বেগম। সৌদি আরবে কর্মরত স্বামী সুবল মোমিনের স্ত্রী তুসিনা বেগম (২৯) এদিন কান্দির একটি নার্সিংহোমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে রয়েছে দু’টি পুত্র এবং একটি কন্যা সন্তান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা এবং তিন সন্তানই বর্তমানে সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, যমজ সন্তানের জন্মের খবর মাঝেমধ্যেই শোনা গেলেও, একসঙ্গে তিনটি সন্তানের জন্মের ঘটনা সচরাচর দেখা যায় না।
তুসিনা বেগমের চিকিৎসার দায়িত্বে থাকা স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস রাজ্জাক জানিয়েছেন, “গর্ভাবস্থার প্রথম থেকেই তুসিনা আমার কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আসতেন। তাঁর প্রেগন্যান্সির শুরু থেকেই হাইপারটেনশনের সমস্যা ছিল। তাই তাঁকে নিয়মিত প্রেসারের ওষুধ খেতে হচ্ছিল। তবে হাইপারটেনশন ছাড়া তাঁর আর কোনও বড় সমস্যা ছিল না।” চিকিৎসক আরও জানান, “গর্ভাবস্থায় তুসিনার দু’বার ইউএসজি করা হয়েছিল। সেই রিপোর্টে দু’টি সন্তানের অস্তিত্বই ধরা পড়েছিল। কোনওভাবে তৃতীয় সন্তানের অস্তিত্ব ইউএসজিতে ধরা পড়েনি। কিন্তু সোমবার সকালে যখন সি-সেকশন করা হয়, তখনই আমরা দেখতে পাই গর্ভের ভিতরে তিনটি সন্তান রয়েছে।”
প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস রাজ্জাক জানিয়েছেন, তুসিনার তিন সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং একটি মেয়ে। জন্মের সময় তাদের ওজন যথাক্রমে ২ কেজি ১০০ গ্রাম, ১ কেজি ৯০ গ্রাম এবং ১ কেজি ২০০ গ্রাম। চিকিৎসকের কথায়, “ট্রিপলেট হিসাবে বাচ্চাদের ওজন যথেষ্টই ভাল। আপাতত মা এবং তিন সন্তানকেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তবে চিকিৎসকদের মতে, একসঙ্গে তিন সন্তান প্রসবের পর মায়ের শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সার্জারির পরে প্রথম এক ঘণ্টার মধ্যে পোস্টপার্টাম হেমারেজ বা অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। যদিও তুসিনার ক্ষেত্রে এই ধরনের কোনও উপসর্গ দেখা যায়নি। তবুও শারীরিক দুর্বলতার কারণে তাঁকে কয়েকদিন হাসপাতালেই রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তার রাজ্জাক।
Murshidabad,West Bengal
