Last Updated:
Purulia Farming News: কাশ্মীরের আপেল এবার জায়গা করে নিচ্ছে পুরুলিয়ার রুক্ষ মাটিতেও। জেলার বরাবাজার থানার শেয়ারকেটা গ্রামের যুবক সূর্য নারায়ণ মাহাতো নিজের বাড়ির উঠোনের এক চিলতে জমিতেই গড়ে তুলেছেন আপেল ও আঙুরের বাগান।
বরাবাজার,পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কাশ্মীরের আপেল এবার জায়গা করে নিচ্ছে পুরুলিয়ার রুক্ষ মাটিতেও। জেলার বরাবাজার থানার শেয়ারকেটা গ্রামের যুবক সূর্য নারায়ণ মাহাতো নিজের বাড়ির উঠোনের এক চিলতে জমিতেই গড়ে তুলেছেন আপেল ও আঙুরের বাগান। প্রচণ্ড গরম ও জলাভাবের মধ্যেও তাঁর এই উদ্যোগ এখন এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জল।
বাড়ির কাছে সেচের কোনও স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরের পুকুর থেকে জল বয়ে এনে গাছে সেচ দিতে হয় তাঁকে। কঠোর পরিশ্রম আর যত্নেই ধীরে ধীরে ফল ধরতে শুরু করেছে গাছে। এ বিষয়ে কৃষক সূর্য নারায়ণ জানান, ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ধরনের ফলচাষের ভিডিও দেখেই তিনি অনুপ্রাণিত হন।
এরপর বিভিন্ন রাজ্য থেকে আপেলের একাধিক প্রজাতির চারা সংগ্রহ করে শুরু করেন পরীক্ষামূলক চাষ। শুধু আপেল নয়, পাশাপাশি আঙুর চাষও করছেন তিনি। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহার করলে পুরুলিয়ার মত রুক্ষ এলাকাতেও বিকল্প ফল চাষ সম্ভব। তবে সরকারি সহযোগিতা পেলে আরও অনেক চাষি এই ধরনের চাষে উৎসাহ পাবেন বলেই মনে করছেন তিনি।
সূর্য নারায়ণের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকার বহু যুবকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। যেখানে সাধারণত শীতপ্রধান অঞ্চলে আপেল চাষের কথা ভাবা হয়, সেখানে পুরুলিয়ার মত উষ্ণ ও রুক্ষ এলাকায় আপেল ফলিয়ে কার্যত নজির সৃষ্টি করেছেন সূর্য নারায়ণ। আগামী দিনে তাকে দেখে আরও অনেকেই এগিয়ে আসবে বলে মনে করছে এলাকার একাংশ।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
May 12, 2026 12:23 PM IST
Farming News: পুরুলিয়ার তপ্ত মাটিতেও ফলছে কাশ্মীরের আপেল, রয়েছে আঙুরও! সোশ্যাল মিডিয়া দেখে চাষ করে তাক লাগিয়ে দিলেন যুবক