Last Updated:
ডানকুনিতে লাক্স কোজির নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ২০১৩ সালের কেন্দ্রীয় জমি ক্রয় নীতি গ্রহণ করে সরকার সরাসরি জমি কিনে শিল্পপতি ও বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য হস্তান্তর করবে। তাঁর দাবি, এই নীতিতে শিল্পে বিনিয়োগ সহজ হবে এবং জমি সংক্রান্ত জটিলতা কমবে।
ডানকুনি: ডানকুনিতে প্রায় ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে ‘লাক্স কোজি’-র দ্বিতীয় তথা নতুন উৎপাদন ইউনিট। শনিবার সিঙ্গুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এই নতুন প্লান্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উদ্বোধনী মঞ্চ থেকেই শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জমি সংক্রান্ত নতুন নীতির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী জানান, তাঁর সরকার ২০১৩ সালের কেন্দ্রীয় জমি ক্রয় নীতি গ্রহণ করেছে। তাঁর বক্তব্য, সরকার সরাসরি জমি কিনে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থা বা বিনিয়োগকারীর হাতে তুলে দেবে। তিনি জানান, এই নীতিতে ইতিমধ্যেই জমি কিনে সীমান্ত রক্ষাবাহিনীর (বিএসএফ) হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি রেল, জাতীয় সড়ক এবং বিমানবন্দরের মতো প্রকল্পের জন্যও একই পদ্ধতিতে জমি কেনা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি শিল্পপতিরা যাতে সহজে বিনিয়োগ করতে পারেন, সে জন্য জমি আর বাধা হবে না। সরকার সরাসরি জমি কিনে শিল্প স্থাপনের জন্য তা হস্তান্তর করবে। তিনি জানান, ২০১৩ সালের কেন্দ্রীয় নীতি অনুযায়ী গ্রামীণ এলাকায় জমি কিনলে চার গুণ এবং শহরাঞ্চলে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। তাঁর দাবি, এই নীতির মাধ্যমে জমি অধিগ্রহণ নিয়ে অতীতের সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারীদের আর পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির অনুমতি নিতে হবে না। তাঁদের কেন্দ্রীয়ভাবে সিঙ্গল উইন্ডো সিস্টেমে আবেদন করতে হবে। আবেদন খতিয়ে দেখে সরকার সরাসরি জমি হস্তান্তর করবে এবং প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থাও করবে বলে জানান তিনি।
Kolkata,West Bengal
