Last Updated:
Cooch Behar News: নাকা চেকিং পয়েন্টে একটি পণ্যবাহী লরি আটকে তল্লাশি চালানো হলে দেখা যায়, টিনের আড়ালে থরে থরে বহুমূল্য বার্মা টিক কাঠ সাজানো রয়েছে।
তুফানগঞ্জ, কোচবিহারঃ কোচবিহার জেলা বন দফতরের বড় সাফল্য। অসম-বাংলা সীমান্তে বহুমূল্য বার্মা টিক পাচার রুখে দিল তাঁরা। সোমবার সকালে কোচবিহার তুফানগঞ্জ ২ ব্লকের সংকোশ অঞ্চল থেকে প্রায় ৬০০ কিউবিক ফুট কাঠ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারদর প্রায় ৩০ লক্ষ টাকা বলে খবর।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নাজিরান দেওতিখাতা সংকোশ নাকা চেকিং পয়েন্টে একটি লরি আটকান বনকর্মীরা। পণ্যবাহী সেই লরিতে পুরনো লোহার টিন ছিল। চালককে জিজ্ঞেস করা হলে তিনিও পুরনো লোহা নিয়ে যাওয়ার কথা বলেন। তবে তল্লাশি চালানোর পর সামনে আসে আসল গল্প।
লরিতে তল্লাশি চালানোয় দেখা যায়, টিনের আড়ালে পরপর বার্মা টিক কাঠ সাজানো হয়েছে। ইতিমধ্যেই ওই লরি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালক পলাতক। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি লরির নম্বরের সূত্র ধরে মালিকের খোঁজ চালানো হচ্ছে।
বন দফতরের প্রাথমিক অনুমান, দক্ষিণ ভারতে ফার্নিচার তৈরির জন্য বহুমূল্য এই কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। কোচবিহার জেলা বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ বলেন, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্যই অসম থেকে এই কায়দায় কাঠ পাচার করার চেষ্টা করা হয়েছিল।
প্রসঙ্গত, অসম-বাংলা সীমান্ত এলাকা দিয়ে পাচারের খবর এই প্রথম নয়। অতীতেও এই ধরনের খবর সামনে এসেছে। তবে এভাবে টিনের আড়ালে বার্মা টিক পাচারের চেষ্টা কার্যত বেনজির। আগামীদিকে এই ঘটনায় কী সামনে আসে সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: টিনের আড়ালে পরপর সাজানো…! বাংলা-অসম সীমান্তে প্রায় ৩০ লক্ষের বহুমূল্য কাঠ উদ্ধার, জেলা বন দফতরের বড় সাফল্য
