Last Updated:
অসুস্থতার জেরে চিকিৎসকের কাছে পরামর্শই নিতে গিয়েছিলেন দর্শনা। তবে চিকিৎসকই তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন।
কলকাতা: হাসপাতালে ভর্তি দর্শনা বণিক। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই জ্বর, পেটে সংক্রমণে ভুগছেন তিনি। শুক্রবার বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হন দর্শনা। জ্বর নিয়ে এই গরমে টানা কাজ করে যাচ্ছিলেন সেই কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর ইউরিন ইনফেকশন রয়েছে। দর্শনার স্বামী অভিনেতা সৌরভ দাস জানিয়েছেন, অসুস্থতা নিয়ে টানা কাজ করে যাচ্ছিলেন। হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ভর্তি করার পরামর্শ দেন।
সৌরভের কথায়, “বেশ কয়েকদিন ধরে টানা চাপ যাচ্ছিল দর্শনার। একটি বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল বলে জানা গিয়েছে। হয়তো কোনওভাবে রোদ লেগেছে। সম্ভবত এ সব থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।” জানা গিয়েছে জ্বর সাময়িক ছাড়লেও, তা ঘুরেফিরে আসছিল। সঙ্গে ছিল পেটের সংক্রমণও কাবু করে ফেলেছিল তাঁকে।
দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই উদ্বেগ ছড়িয়েছে। চলতি সপ্তাহেই ‘ফ্রাইডে’ ওটিটি প্ল্যাটফর্মে আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ‘গোর্কির মা’। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক এবং অনন্যা চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, মহাশ্বেতা দেবীর বই এবং গোবিন্দর নিহালনির ছবি ‘হাজার চুরাশি মা’-এর উপর ভিত্তি করে সিরিজটি তৈরি হয়েছে। তবে এই গল্পে শুধুই মনস্তাত্ত্বিক দিক তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। সিরিজে মানিক চরিত্রে অভিনয় করবেন সৌরভ দাস। তিনি একজন প্রোমোটারের অধীনে কাজ করে। সিরিজটি আগামী ১৬ মে ফ্রাইডে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
সম্প্রতি “দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস” ছবির প্রোমোশনাল মিউজিক ভিডিওতে একেবারে নতুন এবং গ্ল্যামারাস অবতারে দেখা যায় অভিনেত্রী দর্শনা বণিককে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর নতুন রূপে নির্মিত এই ক্যাবারে-স্টাইল ভিডিওয় পুরনো দিনের নস্টালজিয়া আর আধুনিক সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
