Last Updated:
Delhi Restaurant Fire: দিল্লির কালকাজির গোবিন্দপুরী ফ্লাইওভারের কাছে অবস্থিত ‘পাঞ্জাবি তড়কা’ রেস্তোরাঁয় ভয়ঙ্কর আগুন৷ ওই বহুতলের দ্বিতীয় তলায় আটকে পড়েন ৭৫ বছরের এক বৃদ্ধা৷ পরে তাঁকে উদ্ধার করে দমকল বিভাগের কর্মীরা৷
নয়াদিল্লি: দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন৷ দিল্লির কালকাজী এলাকায় কালকাজী-গোবিন্দপুর ফ্লাই ওভারের পাশেই একটি রেস্টুরেন্টে রবিবার সকালেই আগুন৷ আগুনের জেরে রেঁস্তোরায় পরপর তিনটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর৷
জানা গিয়েছে, কালকাজির গোবিন্দপুরী ফ্লাইওভারের কাছে অবস্থিত ‘পাঞ্জাবি তড়কা’ রেস্তোরাঁয় এই আগুন লাগে। রবিবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন লাগে এইচ-ব্লকের ‘পাঞ্জাবি তড়কা’ রেস্তোরাঁয়, যা অঞ্জলি জুয়েলার্স এবং দেশবন্ধু গুপ্ত কলেজের কাছাকাছি অবস্থিত।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বিভাগ উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে ঘটনাস্থলে পাঠান হয় ২টি ওয়াটার টেন্ডার, ৩টি ওয়াটার বাউজার এবং ১টি ব্রিদিং সাপোর্ট ইউনিট। তবে আগুনের ভয়াবহতা বুঝতে পেরে সকাল ৫টা ৫ মিনিটে এটিকে ‘মেক-৪’ অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করা হয় এবং অতিরিক্ত দমকল গাড়ি মোতায়েন করা হয়।
আগুন নেভানোর কাজে মোট ৯টি দমকল গাড়ি ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল ৩টি ওয়াটার টেন্ডার, ৪টি ওয়াটার বাউজার, ১টি ব্রিদিং সাপোর্ট ইউনিট এবং ১টি মাল্টিপারপাস উদ্ধারকারী যান।
এই বহুতল ভবনটিতে একটি বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং তার উপরে তিনটি তলা ছিল। আগুন লাগার সময় দ্বিতীয় তলায় ৭৫ বছর বয়সি সীতা দেবী নামে এক বৃদ্ধা আটকে পড়েছিলেন। প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালান দমকলকর্মীরা। শেষ পর্যন্ত তাঁকে নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়।
কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকলকর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে কুলিং অপারেশন চলছে, যাতে আগুন আবার ছড়িয়ে না পড়ে। এই ঘটনায় অন্য কোনও ব্যক্তি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিক তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Kolkata,West Bengal
