Last Updated:
Ritabrata Banerjee: সই জাল কাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গে বলেন, “পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়, মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল”।
বিরোধী দলনেতা রেজোলিউশনে সই জাল কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন, “পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়, মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল”।
এই প্রসঙ্গে দিলীপ রাজ্যের কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতাকেও। তিনি বলেন, “সবাইকে চুরি করতে শিখিয়েছেন। এখন তার ফল ভোগ করতে হবে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। রাখাল স্কুলে সবার খাতা বই পেনসিল চুরি করত। যেদিন ধরা পড়ল সেদিন মাসির কানে কথা বলার বাহানায় মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল। বলল মাসি তুমিই আমাকে চুরি করতে শিখিয়েছ। এই মাসির কান কাটা এখনও বাকি আছে”।
মোট ১৩ জন তৃণমূল বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ৷ মুখ্যমন্ত্রী গতকাল দাবি করেছেন, অন্তত তিন জন তৃণমূল বিধায়ক সিআইডি তদন্তে স্বীকার করেছেন যে তাঁদের সই সত্যিই জাল করা হয়েছিল৷ যদিও যাঁদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ, তাঁদের মধ্যে অন্যতম দুই বিধায়ক কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায় সই জালের অভিযোগ মানতে চাননি৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নবান্নে জানান, গত ৯ মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি লেখেন বিধানসভার অধ্যক্ষকে৷ সেই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা জানিয়ে চিঠি দেন৷ ১৮ মে বিধানসভার প্রধান সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলীয় বৈঠকের মিনিটস জমা দেওয়ার জন্য চিঠি দেন৷ ২০ মে সেই চিঠির জবাব আসে তৃণমূলের পক্ষ থেকে৷ এর পরই ২৭ মে দু জন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন যে বিরোধী দলনেতা নির্বাচনের জন্য ৬ মে তৃণমূলের দলীয় বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি৷ তাঁরা শুধুমাত্র বৈঠকে উপস্থিত থাকার জন্য সই করেছিলেন৷ বিধায়কদের সই জাল করা হয়েছে বলেও অভিযোগ করা হয়৷ তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের নির্দেশে বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান৷ এর পর স্বরাষ্ট্রসচিবের নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর অনুমোদনে মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 02, 2026 10:11 AM IST
