Last Updated:
Donald Trump: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে কী করবেন ডোনাল্ড ট্রাম্প? বিরোধীদের আনা প্রস্তাবে একের পর এক ভেটো প্রয়োগের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।
সামনেই আমেরিকার মিড-টার্ম নির্বাচন৷ তাঁর আগেই বড় মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ যদি ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তা হলে কী করবেন, তা স্পষ্ট করে দিলেন তিনি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বিরোধী দলের আনা আইন প্রণয়নের প্রস্তাব আটকে দিতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করবেন। তাঁর কথায়, ডেমোক্র্যাটদের তাঁর প্রশাসনের কাজকর্ম নষ্ট করতে দেবেন না। তবে দীর্ঘদিন আইন প্রণয়নের কাজ আটকে থাকার পর শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার পথও খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমি মিস্টার ভেটো হয়ে উঠব।” সোমবার প্রকাশিত হওয়ার কথা এমন একটি পডকাস্টে এই মন্তব্য করেন রিপাবলিকান প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের ‘পড ফোর্স ওয়ান’ (Pod Force One) পডকাস্টে কথোপকথনের সময় এই মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও নিজের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজে নেবেন তিনি। তাঁর মতে, প্রেসিডেন্টের তরফে বারবার ভেটো প্রয়োগ করা হলে একটা সময় আইনপ্রণেতারা আলোচনায় বসতে এবং সমঝোতায় আসতে বাধ্য হবেন।
ট্রাম্পের কথায়, “একটা সময় সম্ভবত আমাদের মধ্যে সমঝোতা হবে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। এটাই প্রথম বার হবে না।”
কী ভাবে এই সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “ওরা বিভিন্ন প্রস্তাব পাঠাবে। আর আমি তাতে ভেটো দেব।”
তাঁর আরও বক্তব্য, “এক-দু’মাস ধরে সব প্রস্তাবে ভেটো দেওয়া হলে ওরা বুঝতে পারবে যে শুধু সময় নষ্ট হচ্ছে। তখন ওরা আলোচনায় আসবে এবং একটা সমঝোতায় পৌঁছনো যাবে। আমার মনে হয়, শেষ পর্যন্ত এমনটাই হতে পারে। তবে আশা করছি, আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।”
আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। তার ঠিক দু’দিন আগে ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই নির্বাচনে আমেরিকার হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫টি আসনের সব ক’টিতে এবং সেনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে।
এই নির্বাচনের ফলের উপরেই নির্ভর করবে ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দু’বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। রিপাবলিকানরা ক্ষমতা ধরে রাখতে পারে, নাকি দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, এখন সেদিকেই নজর গোটা আমেরিকার।
