Last Updated:
ED on Coal Scam: ২০২৫ সালের কয়লা কাণ্ডের নতুন তদন্তে এবার রাজ্যের ওসি-কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা. কাকে কাকে তলব করা হল? আগামি সপ্তাহে তলব৷
কলকাতা: ২০২৫ সালের নতুন কয়লা পাচার মামলায় আবারও সক্রিয় ইডি৷ এবার শহরের একাধিক কয়লা ব্যবসায়ী ও প্রাক্তন ওসি-কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তলব করা হয়েছে, কৃষ্ণ কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠি ঘোষ, নরেন্দ্র খারকা এবং প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল৷ আগামী সপ্তাহে তলব করা হয়েছে তাঁদের৷
সূত্রের খবর, প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আগে রাজ্য পুলিশের তরফে ক্লোজ করা হয়েছে। কয়লা পাচারের প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ ছিল মনোরঞ্জনের বিরুদ্ধে৷
গত ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর এলাকায় অবৈধ কয়লা খনন এবং চুরির একটি মামলায় ১৫৯ কোটি ৫১ লক্ষ টাকার সম্পত্তি সাময়িক ভাবে বাজেয়াপ্ত (অ্যাটাচ) করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (২০০২) অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে ইডি জানায়।
ইডির ওই বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘এই সংস্থাগুলি শ্যাম গ্রুপের অধীনে, যা সঞ্জয় অগ্রবাল এবং ব্রিজ ভূষণ অগ্রবালের নিয়ন্ত্রণে রয়েছে।”
রাজ্যে কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত মোট ৪৮২ কোটি ২২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। উল্লেখ্য, ২০২০ সালে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই, তখনই প্রথম সামনে আসে অনুপ মাজি ওরফে লালার নাম। রাজ্যের বিভিন্ন রেল সাইডিং এলাকা থেকে কয়লা চুরির অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রথমে আয়কর দফতর এবং পরে সিবিআই তদন্তে নামে। পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা লালার একাধিক বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় লালা, তাঁর ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে ২০২৪ সালে জামিন পান লালা।
