Last Updated:
এ দিনও ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি-র কর্মী সমর্থকরা৷
ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷ এ দিন তিনি জানিয়েছেন, ফলতা বিধানসভার বহু বুথে পুনর্নির্বাচনের যে দাবি উঠেছে, সে বিষয়ে রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় নির্বাচন কমিশন৷
গত ২৯ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা বিধাবনসভায় ভোটগ্রহণের সময় একাধিক অনিয়মের অভিযোগ বহু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে ফলতার ৫৯ থেকে ৬০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব পাঠানো হয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে৷
তবে এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভার ১৫টি বুথে কমিশনে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও ফলতার কোনও বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি৷ যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন, ফলতার কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তা রবিবারের মধ্যেই জানিয়ে দেবে কমিশন৷
সেক্ষেত্রে কমিশন আদৌ ফলতার কোনও বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কি না, দিলেও সোমবার ফল ঘোষণার আগে পুনর্নির্বাচন হবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷ পুনর্নির্বাচন করে সোমবারই ফলতা বিধানসভার ফল ঘোষণা করা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল৷ তবে পুরোটাই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের উপরে৷
উত্তর প্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সংঘাতের জেরে আগে থেকেই সংবাদ শিরোনামে রয়েছে ফলতা৷
এ দিনও ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের যে ১৫টি বুথে পুনর্নির্বাচন হয়েছে, সেখানেও বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন মানুষ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার দুই বিধানসভার ১৫টি বুথে ভোটদানের হার ছিল ৯১.৬১ শতাংশ৷
Kolkata,West Bengal
May 02, 2026 10:06 PM IST
