Last Updated:
সোমবার সকালে এই ঘটনার দু ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত৷
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৭ বছরের ছোট প্রাক্তন ছাত্রের হাতে খুন হতে হল শিক্ষিকাকে৷ স্কুলের মধ্যে ঢুকে ক্লাস থেকে টেনেহিঁচড়ে বের করে ওই তরুণী শিক্ষিকাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ৷ গোটা ঘটনার সাক্ষী থাকে স্কুলের পড়ুয়ারাও৷
সোমবার সকালে নৃশংস এই ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে৷ নিহত ওই শিক্ষিকার নাম সন্ধ্যা৷ ২৮ বছর বয়সি সন্ধ্যাকে হত্যার অপরাধে তাঁরই প্রাক্তন ছাত্র অমিত নামে ২১ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, বছর সাতেক আগে বিকাশ কারহাজা নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় ফরিদাবাদের বাসিন্দা সন্ধ্যার৷ বিয়ের পর ফরিদাবাদের সিকোরনায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি৷ সেখানেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন সন্ধ্যা৷
গত ৩ অগাস্ট সকালে প্রতিদিনের মতো স্কুলে আসেন সন্ধ্যা৷ ক্লাসে পড়াচ্ছিলেন তিনি৷ অভিযোগ, সকাল ৯.৪০ মিনিট নাগাদ লাগোয়া কোট গ্রামের বাসিন্দা অমিত এসে ওই স্কুলের ভিতরে প্রবেশ করে৷ এর পর সন্ধ্যা যে ক্লাসে পড়াচ্ছিলেন সেখানে গিয়ে ওই তরুণীকে টানতে টানতে বাইরে নিয়ে এসে ছুরি দিয়ে কোপাতে শুরু করে সে৷ অভিযোগ, অন্তত ২০ বার ছুরি দিয়ে সন্ধ্যাকে আঘাত করে অমিত৷
মৃত তরুণীর পরিবারের দাবি, এর আগে অন্য একটি স্কুলে পড়াতেন সন্ধ্যা৷ সেখানকারই পড়ুয়া ছিল অভিযুক্ত অমিত৷ ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বহু দিন ধরেই সন্ধ্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত অমিত৷ কিন্তু তা প্রত্যাখ্যান করেন ওই শিক্ষিকা৷ অমিতের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তিনি৷ সেই আক্রোশেই অমিত সন্ধ্যার উপরে এই হামলা চালায় বলে অভিযোগ৷
সন্ধ্যার স্বামী বিকাশের দাবি, এর আগে অমিত যখন তাঁর স্ত্রীকে উত্যক্ত করত, তখন ওই যুবকের পরিবারই তাদের বাড়ির ছেলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না করার জন্য বার বার অনুরোধ করেছিল৷ অমিতকে সামলে রাখার প্রতিশ্রুতিও দেয় তারা৷ কিন্তু কিছুদিন পর থেকে ফের একবার সন্ধ্যাকে উত্যক্ত করতে শুরু করে অমিত৷ অভিযোগ, মাসখানেক আগে সন্ধ্যার স্বামী বিকাশকে খুন করারও হুমকি দেয় সে৷ অভিযুক্ত অমিতকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে সেক্টর ৫৮ থানা৷
Kolkata,West Bengal
